অ্যামেরিকার গাড়ি-হামলা সন্ত্রাসবাদী কাজ নয়: পুলিশ
২৩ নভেম্বর ২০২১
অ্যামেরিকায় ক্রিসমাস প্যারেডে গাড়ি-হামলার সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনো যোগ নেই বলে পুলিশ জানিয়েছে।
গাড়ি-হামলার পর রাস্তায় পড়ে থাকা জিনিস সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: Jim Vondruska/Getty Images
বিজ্ঞাপন
উইসকনসিনের ওয়াকিশাতে ক্রিসমাস প্যারেডে গাড়ি হামলা করেছিল ৩৯ বছর বয়সি ড্যারেল ব্রুকস জুনিয়ার। উইসকনসিনের পুলিশ প্রধান ড্যানিয়েল টমসন জানিয়েছেন, গাড়ি-হামলা যে সন্ত্রাসবাদী কাজ এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পুলিশের বক্তব্য, গাড়ি-হামলার আগে ব্রুকস গৃহবিবাদে জড়িয়ে পড়ে। পুলিশ তার বাড়িতে পৌঁছাবার আগেই সে বাড়ি থেকে চলে যায়। তারপরই সে তার এসইউভি নিয়ে ব্যারিকেড ভেঙে সোজা ক্রিসমাস প্যারেডে ঢুকে যায়। গাড়ির ধাক্কায় পাঁচজন মারা গেছেন। তার মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। ৪৮ জন আহত।
পুলিশ প্রধান বলেছেন, অভিযুক্ত একাই এই কাজ করেছে। তবে তদন্ত চলছে। কেন সে এই কাজ করলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যা সহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারী অফিসারদের ধারণা, গাড়ির ধাক্কায় মৃত ও আহতদের ব্রুকস আগে থেকে চিনত না। তবে পুলিশ ব্রুকসকে চিনত। কারণ, অতীতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পুলিশের কাছে এসেছে। এক নারী পুলিশের কছে অভিযোগ করেছিলেন, ব্রুকস তাকে গ্যাস স্টেশনে গাড়ি চাপা দেয়ার চেষ্টা করেছিলেন।
অ্যামেরিকার উইসকনসিনের ওয়াকিশা-তে ক্রিসমাস প্যারেডে গাড়ি-হামলা। মৃত অন্ততপক্ষে পাঁচ জন। আহত ৪০-এরও বেশি।
ছবি: Mike De Sisti/Milwaukee Journal-Sentinel via AP/picture alliance
ক্রিসমাস প্যারেডে গাড়ির তাণ্ডব
ওয়াকিশা-তে বার্ষিক প্রথা মেনে রোববার চলছিল ক্রিসমাস প্যারেড়। সেখানেই একটি এসইউভি দ্রুতবেগে ধেয়ে আসে। প্যারেডে অংশগ্রহণকারী মানুষদের ধাক্কা মেরে চলে যায় সেই গাড়ি। মারা গেছেন অন্ততপক্ষে পাঁচজন। আহতের সংখ্যা ৪০ জনেরও বেশি। উপরে ছবিটি গাড়ি-হামলার ঠিক পরের অবস্থার।
ছবি: Mike De Sisti/Milwaukee Journal-Sentinel via AP/picture alliance
মৃত অন্ততপক্ষে পাঁচজন
এই ঘটনায় অন্ততপক্ষে পাঁচ জন মারা গেছেন। আহত ৪০ জনেরও বেশি। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্ততপক্ষে ১৩জন শিশু আহত হয়েছে। গাড়িটি খুবই জোরে এসে প্যারেডে অংশগ্রহণকারীদের ধাক্কা মেরে দ্রুত গতিতে চলে যায়।
ছবি: John Hart/Wisconsin State Journal via AP/picture alliance
গ্রেপ্তার এক
পুলিশ জনিয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রধান বলেছেন, লাল রঙের একটি এসইউভি-র চালক এই কাণ্ড করেছে।
ছবি: Jim Vondruska/Getty Images
বার্ষিক অনুষ্ঠান
ওয়াকিশা-তে প্রতি বছরই এই ক্রিসমাস প্যারেড হয়। এই প্যারেড দেখতে প্রচুর মানুষ সমবেত হন। অনেকে প্যারেডে অংশ নেন। রাস্তায় ব্যারিকেডও লাগানো ছিল। সেই ব্যারিকেড ভেঙে গাড়িটি প্যারেডে ঢুকে পড়ে। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটের সময় এই ঘটনা ঘটে।
ছবি: Mike De Sisti/Milwaukee Journal-Sentinel via AP/picture alliance
পুলিশের তদন্ত
স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এসইউভি-র চালক সম্পর্কে তারা এখনো কিছু জানায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের কাজে এফবিআই তাদের সাহায্য করছে।
ছবি: Jim Vondruska/Getty Images
ভয়ংকর দৃশ্য
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারিদিকে দেহ ছড়ানো ছিল। প্রচুর শিশুর দেহ রাস্তায় পড়েছিল। প্রথমে একটা জোরে শব্দ হয়। তারপর ঘুরে তাকাতেই দেখা যায়, গাড়ি দ্রুতবেগে মানুষকে পিষে দিচ্ছে। চিৎকার, কান্নার আওয়াজ। মানুষ পালাতে শুরু করেন।
ছবি: Jim Vondruska/Getty Images
এখন নিরাপদ
পুলিশ জানিয়েছে, আর কোনো বিপদের কারণ নেই। তবে যেটা ঘটে গিয়েছে তা রীতিমতো ভয়ংকর।
ছবি: Pat A. Robinson/Zuma/picture alliance
সন্ত্রাসবাদী কাজ?
পুলিশ এখনো জানায়নি, এই ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসবাদী সংগঠন জড়িত কি না। তবে হোয়াইট হাউস পুরো ঘটনা খতিয়ে দেখেছে এবং প্রেসিডেন্ট জো বাইডেনকে রিপোর্ট দিয়েছে।
ছবি: Jim Vondruska/Getty Images
8 ছবি1 | 8
ছয়টি শিশু আশঙ্কাজনক
চিকিৎসকরা জানিয়েছেন, তিন থেকে ১৬ বছর বয়সি ১৮ জন হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে ছয়টি শিশুর অবস্থা আশঙ্কাজনক। আহতদের কারো হাড় ভেঙেছে, মাথায় গুরুতর আঘাত লেগেছে, কারো সারা দেহ ক্ষতবিক্ষত হয়েছে।
ঘটনাস্থলের অবস্থা
ওই রাস্তা আবার খুলে দেয়া হয়েছে। তবে তার আগে ঘটনাস্থল থেকে পড়ে থাকা সব জিনিস সরানো হয়েছে। তবে শহরের মানুষ এখনো ধাক্কা সামলে উঠতে পারেননি।
অ্যামেরিকা জুড়েই মানুষ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, পরিবারকে সমবেদনা জানাচ্ছেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ও তার পরিবার প্রার্থনা করছেন।