আফগানিস্তানের নির্বাচনে জালিয়াতির প্রমাণ
৯ সেপ্টেম্বর ২০০৯
সর্বশেষ ফলাফল
গত ২০শে আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত বেশ কয়েক দফায় ভোট গণনার ফলাফল জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে৷ দেখা গেছে এসব ফলাফলে প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহর চেয়ে এগিয়ে রয়েছেন হামিদ কারজাই৷ তবে সংশয় ছিল তিনি শতকরা ৫০ ভাগের বেশি ভোট পাবেন কিনা৷ অন্যথায় অক্টোবর মাসে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে তাকে আবারো আবদুল্লাহ আবদুল্লাহকে মোকাবিলা করতে হতো৷ তবে মঙ্গলবার আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন জানিয়েছে যে ৯১.৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে৷ দেখা গেছে প্রেসিডেন্ট হামিদ কারজাই পেয়েছেন ৫৪.১ শতাংশ ভোট এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ২৮.৩ শতাংশ ভোট৷
ব্যাপক কারচুপির প্রমাণ
তবে এখনই বিজয়ী বলে নিজেকে দাবি করতে পারছেন না প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ এর কারণটা বেশ স্পষ্ট৷ নির্বাচনে যে ব্যাপক কারচুপির অভিযোগ এতদিন ধরে তোলা হচ্ছিল সেটা এখন প্রতিষ্ঠিত হতে চলেছে৷ নির্বাচনী অভিযোগ কমিশন বা ইসিসি যাদের নিয়োগ দিয়েছে মূলত জাতিসংঘ তারা জানিয়েছে যে নির্বাচনে কারচুপির স্পষ্ট প্রমাণ তারা পেয়েছেন৷ এবং এসব অভিযোগ যথেষ্ট গুরুতর বলেও জানিয়েছে তারা৷ তাই তাদের কাছ থেকে সবুজ সঙ্কেত না পাওয়া পর্যন্ত নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারবে না নির্বাচন কমিশন৷ ইসিসি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে যেসব ভোটকেন্দ্রে কেবল একজন প্রতিযোগী ৯৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন সেগুলো যেন আবার গণনা করা হয়৷ নির্বাচন কমিশনই জানিয়েছে তারা এখন পর্যন্ত ৬০০ ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করেছে৷
আবদুল্লাহ আবদুল্লাহ কি বলছেন?
এসব কারচুপি এবং জালিয়াতির খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ৷ তিনি নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল এসেছে তাকে ‘নির্মম কৌতুক' বলে সমালোচনা করেছেন৷ তিনি বলেছেন, নির্বাচনের জন্য কোটি কোটি ডলার খরচ হয়েছে এবং ন্যাটোর সেনারা প্রাণ দিয়েছে৷ তাই নির্বাচনে এই ধরণের ফলাফলকে সমর্থন করাটা বেশ কষ্টকর হবে৷
এদিকে মঙ্গলবারও আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে৷ বার্তা সংস্থাগুলো জানিয়েছে কাবুল বিমানবন্দরে অবস্থিত ন্যাটো সামরিক ঘাটির বাইরে এক আত্মঘাতি গাড়ি বোমা হামলায় তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়