আফগানিস্তানে আরো সেনা পাঠাচ্ছেন ওবামা
১ ডিসেম্বর ২০০৯
কি সিদ্ধান্ত নিলেন বারাক ওবামা?
বার্তা সংস্থাগুলোর খবর থেকে জানা গেছে, প্রেসিডেন্ট ওবামা ইতিমধ্যে আফগানিস্তানে আরো সেনা পাঠাতে চলেছেন৷ বেশ কিছুদিন ধরেই এই বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনে আলোচনা চলছিল৷ অবশেষে রোববার ওবামা আরো সেনা পাঠানোর সংক্রান্ত নির্দেশনামায় স্বাক্ষর করেছেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে৷ মূলত আফগানিস্তানে তালেবান ও আল কায়েদা সন্ত্রাসীদের পরাজিত করতে নতুন করে যে কৌশল নির্ধারণ করতে যাচ্ছে ওবামা প্রশাসন তারই অংশ হিসেবে এই বাড়তি সেনা প্রেরণ৷ হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস জানিয়েছেন, নতুন সেনাদের পাঠানো হবে মূলত আফগান নাগরিকদের নিরাপত্তা রক্ষা এবং সেদেশের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষিত করে তোলা যাতে করে আগামী কয়েক বছরের মধ্যে তারা নিজেরাই নিজ দেশের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিতে পারে৷ আরো জানা গেছে, নতুন কৌশল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট ওবামা তার উপদেষ্টা পরিষদ এবং মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন৷ তবে কতজন সেনা পাঠানো হবে সেটি এখনো খোলাসা করা হয়নি৷ আজ নিউ ইয়র্কে এক ভাষণে নতুন আফগান কৌশল নিয়ে বক্তব্য রাখবেন ওবামা৷
কি রয়েছে নতুন আফগান কৌশলে?
বাড়তি সেনা পাঠানো ছাড়াও আফগান কৌশলে আরো বেশ কিছু বিষয় রয়েছে বলে জানা গেছে৷ প্রথমত, আফগানিস্তানে তালেবান বিদ্রোহ দমনের পাশাপাশি আল কায়েদার সন্ত্রাস বিরোধী অভিযান একসঙ্গে চালানো৷ তবে নজর থাকবে বেসামরিক নাগরিক এবং সম্পদের কোন ক্ষয়ক্ষতি যেন না হয়৷ দ্বিতীয়ত, আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষিত করে তোলা৷ আগামী ২০১২ সালের মধ্যে চার লাখ সদস্যের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী গড়ে তোলা এর উদ্দেশ্য৷ তৃতীয়ত, এই প্রশিক্ষণের পর ধীরে ধীরে আফগানিস্তান থেকে সরে আসা৷ তবে এই ব্যপারে এই মুহুর্তেই কোন দিন ক্ষণ ঠিক করতে নারাজ ওবামা৷ উদ্দেশ্যটা পরিষ্কার, বিরোধীদের কোন সুযোগ দিতে চান না মার্কিন প্রেসিডেন্ট৷ চতুর্থত, তালেবান জঙ্গিদের একাংশকে স্থানীয় প্রশাসনে জায়গা দিয়ে ডিভাইড এন্ড কনকোয়্যার নীতির বাস্তবায়ন ঘটানো৷
ইউরোপের পক্ষ থেকে সাড়া কেমন?
মার্কিন সংবাদ মাধ্যমে জানা গেছে, ইউরোপের কাছ থেকেও সেনা সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট ওবামা৷ তিনি চান অন্তত ১০ হাজার সেনা৷ ইতিমধ্যে ফ্রান্সের কাছে দেড় হাজার সেনা চাওয়া হয়েছে৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার জানিয়েছেন যে তারা আরও ৫০০ সেনা আফগানিস্তানে পাঠাবেন৷ এছাড়া ইটালি এবং মেসিডোনিয়াও জানিয়েছে যে তারা আফগানিস্তানে আরও সেনা পাঠাতে প্রস্তুত৷
আরো বাড়তি খরচ
হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে নতুন করে সেনা পাঠানো হলে প্রতিজন সেনার পেছনে বছরে এক মিলিয়ন ডলার করে খরচ হবে৷ তার অর্থ দাড়াচ্ছে ৩০ থেকে ৪০ হাজার বাড়তি সেনার জন্য বছরে খরচ হবে ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার৷ উল্লেখ্য, ইরাক এবং আফগানিস্তান যুদ্ধের পেছেন এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের ব্যয় হয়েছে ৭৬৮ বিলিয়ন ডলারের বেশি৷ আগামী বছরের অক্টোবার নাগাদ এই খরচ এক ট্রিলিয়ন ছাড়াবে বলে মনে করা হচ্ছে৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার