1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, কিন্তু কিছু সীমানা আছে: নাহিদ

৭ মার্চ ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন দল এনসিপির প্রধান নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন৷

নাহিদ ইসলাম
নাহিদ মনে করেন যে তার দল পরবর্তী সরকার গঠন করতে না পারলেও, তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী থাকবেছবি: Munir Uz Zaman/AFP

বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন৷ শুক্রবার এটি প্রকাশিত হয়েছে৷

এনসিপির ১৫১ সদস্যের কমিটি ঘোষণার পরই কমিটিতে একজন সমকামী অধিকারকর্মীর অন্তর্ভুক্তি নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির ডানপন্থি নানা মহল থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়৷

ফলশ্রুতিতে কমিটি ঘোষণার কয়েকদিন পরেই তাকে দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেয়া হয়৷ অভ্যুত্থানের পর থেকে ইনক্লুসিভ রাজনীতির ঘোষণা দিয়ে কমিটি গঠনের পরই এমন অবস্থান নিয়ে দেশটির উদারপন্থি মহলের সমালোচনা রয়েছে৷ তবে এ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট অবস্থান ব্যক্ত করেনি এনসিপি৷

এ প্রসঙ্গে নাহিদ এএফপিকে বলেন, ‘‘আমরা অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি দ্বারা নির্ধারিত কিছু সীমানা আছে৷'' বৈচিত্র্য বিবেচনায় তার দল এনসিপির এখনও প্রশংসনীয় রেকর্ড রয়েছে বলেও দাবি করেন নাহিদ৷

তিনি বলেন, ‘‘আমরা নারীদের সামনে এনেছি এবং সকল বর্ণ ও ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছি৷ সকল নাগরিক যাতে তাদের অধিকার উপভোগ করতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করবো৷''

আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে৷ নির্বাচনে দেশটির অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি জয়ী হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে৷ তবে আন্দোলনকারীদের নতুন দল বিএনপিকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে৷

নাহিদ মনে করেন যে তার দল পরবর্তী সরকার গঠন করতে না পারলেও, তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী থাকবে৷

তিনি বলেন, ‘‘কেউ জানতো না যে একটা বিদ্রোহ হবে, কিন্তু তা ঘটেছে৷ আমি আন্তরিকভাবে আশা করি এবং আমি বিশ্বাস করি যে আমরা এবার জিততে যাচ্ছি৷ কিন্তু এই নির্বাচন পৃথিবীর শেষ নয়... আমাদের লক্ষ্য হলো আরও ৫০, ১০০ বা তারও বেশি বছর ধরে এই শক্তি বজায় রাখা৷''

পরবর্তী জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে এনসিপি এবং বিএনপির মধ্যে মতানৈক্য রয়েছে৷ বিএনপি মনে করে জনসমর্থিত সরকারকে ক্ষমতায়িত করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করা উচিত৷

বিএনপির অনেক নেতাই অভিযোগ করেন যে এনসিপি নির্বাচন পিছিয়ে দিতে চায়৷ তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে নাহিদ বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অভিযোগ করা হয়, কিন্তু এটা সত্য নয়৷''

তবে তিনি মনে করেন, হাসিনার ক্ষমতাচ্যুতির পরও দেশে আইনশৃঙ্খলা বজায় রাখার সমস্যা থাকলে নির্বাচন আয়োজন করা ‘সম্ভব নয়'৷

সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের প্রচারণাও চালাচ্ছে তার দল এনসিপি৷

এডিকে/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ