1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোভিশন সং কন্টেস্টে যুক্ত হচ্ছে এশিয়া, থাকছে বাংলাদেশও

৩১ মার্চ ২০২৬

সংগীতের সবচেয়ে বড় লাইভ প্রতিযোগিতা হিসেবে পরিচিত ইউরোভিশনে এ বছর যুক্ত হচ্ছে এশিয়া৷ বছরের শেষ দিকে ব্যাংককে হতে চলেছে ইউরোভিশনের প্রথম এশীয় সংস্করণ৷

ইউরোভিশন সং কন্টেস্টের এশীয় সংস্করণের লোগে
‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬'-এ এশিয়ার অন্তত ১০টি দেশের শিল্পীদের অংশগ্রহণ ইতিমধ্যে নিশ্চিত৷ সেই তালিকায় স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে রয়েছেন বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, নেপাল এবং ভুটানের শিল্পীরাও৷ছবি: EBU

‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬'-এ এশিয়ার অন্তত ১০টি দেশের শিল্পীদের অংশগ্রহণ ইতিমধ্যে নিশ্চিত৷ সেই তালিকায় স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে রয়েছেন বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, নেপাল এবং ভুটানের শিল্পীরাও৷ প্রতিযোগিতার ফাইনাল হবে নভেম্বরে৷ তার আগে আরো অনেক দেশের শিল্পীরা যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে৷

প্রতিযোগিতার পরিচালক মার্টিন গ্রিন আজ মঙ্গলবার বলেছেন, ‘‘ইউরোভিশনসং কনটেস্টের ৭০তম বার্ষিকী উদযাপনের এই মুহূর্তে, সংস্কৃতি, সৃজনশীলতা এবং প্রতিভায় সমৃদ্ধ অঞ্চল এশিয়ার সঙ্গে এই নতুন অধ্যায়ের সূচনাটা বিশেষভাবে অর্থবহ মনে হচ্ছে৷''

প্রথম এশিয়া সংস্করণের আয়োজক হিসেবে থাইল্যান্ডকে বেছে নেয়ার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে সে দেশের পর্যটন কর্তৃপক্ষের প্রতিনিধি চুইট সিরিভাজ্জাকুল বলেন, এমন আয়োজনের জন্য ব্যাংকক উপযুক্ত শহর, কারণ, এ শহর ‘‘এমন এক জায়গা যেখানে সবসময় বিভিন্ন সংস্কৃতি একত্রিত হয়, যেখানে বাতাসে সংগীতের সুর ভেসে বেড়ায় এবং যেখানে উদযাপন প্রাত্যহিক জীবনের অংশ৷''

ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন পরিচালিত ইউরোভিশনের মূল গালা অনুষ্ঠান প্রতি বছর ১০ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন৷ এ বছরের মূল প্রতিযোগিতা আগামী মে মাসে ভিয়েনায় হওয়ার কথা৷ সেখানে অংশ নেবেন ৩৫টি দেশের শিল্পী৷

ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে মতবিরোধের কারণে আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া এবং স্পেন এবার ইউরোভিশন সং কন্টেস্ট বর্জন করছে৷ সবসময় রাজনীতির ঊর্ধ্বে রাখার চেষ্টা করা হলেও সংগীতবিষয়ক প্রতিযোগিতার আসর ইউরোভিশনে অনেকবার বিশ্বের চলমান ঘটনার প্রভাব পড়েছে৷ ২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়াকে বহিষ্কার করা হয়৷

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের ধাক্কাও লেগেছে ইউরোভিশনে৷ অনুষ্ঠানস্থলের বাইরে হয়েছে তুমুল বিক্ষোভ৷ গত বছর থাইল্যান্ড ও কম্বোডিয়া দুবার সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে৷ তাই এবার ব্যাংককেও উত্তেজনা দেখা দিতে পারে বলে আশঙ্কা অনেকের৷

এসিবি/ জেডএইচ (এপি, ইউরোভিশন)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ