1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের বুকেও রয়েছে শেরপা!

২ জানুয়ারি ২০২০

উপজাতি হিসেবে নেপালেই শেরপাদের দেখা গেলেও কঠিন পরিশ্রম, অসাধারণ জীবনীশক্তির কারণে ‘শেরপা' শব্দটি অন্য ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে৷ স্লোভাকিয়ায় একদল মানুষ নিজেদের শেরপা হিসেবে গণ্য করেন৷

Phoenix 9820 Europas letzte Sherpas
ছবি: Phoenix

ইউরোপের শেষ শেরপারা প্রথাবিরোধী এক প্রতিযোগিতায় শামিল হয়েছেন৷ পিঠে ৬০ কিলো ওজন নিয়ে ৫০ জন পুরুষ প্রায় ছয় কিলোমিটার পথ পায়ে হেঁটে স্লোভাকিয়ার টাটরা পর্বতে উঠছেন৷ কার্পেথিয়ান শ্রেণির সবচেয়ে উঁচু অংশ সেটি৷

শেরপা শব্দটি শুনলে হিমালয়ে মালপত্র বহনকারী উপজাতি সম্প্রদায়ের কথা মনে হয়৷ হাই টাট্রা পর্বতের এই পুরুষরাও নিজেদের শেরপা বলেন৷

স্টেফান বাকর প্রতিদিন খাদ্য, পানীয় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাহাড়ের উপরে বিভিন্ন কুটিরে বয়ে নিয়ে যান৷ বছরে দু'বার টাটরা-র শেরপারা এক প্রতিযোগিতায় অংশ নেন৷ তাদের মধ্যে কে সবচেয়ে দ্রুত পাহাড়ে উঠতে পারে? স্টেফান মনে করেন, ‘‘ব্যাপারটা তেমন কিছু নয়, পুরোটাই মানসিক বিষয়৷ সত্যি কিছু কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় বটে৷ কিন্তু সেইসঙ্গে শেরপাদের ঠিক সময়ে ভালোভাবে কাজ শেষ করার গর্বও মনের মধ্যে কাজ করে৷''

ইউরোপের শেষ শেরপাদের গ্রাম

04:02

This browser does not support the video element.

পাহাড়ের উপরের গন্তব্যে ৬ কিলোমিটার দূরে অবস্থিত৷ যারা খুব দ্রুত পাহাড় চলতে পারেন, তাঁদের এক ঘণ্টা বিশ মিনিট সময় লাগে৷ স্টেফান বাকর অবশ্য প্রতিযোগিতার বদলে শেরপাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে বেশি আগ্রহী৷ তিনি বলেন, ‘‘অনেক বছর ধরে শেরপার কাজ করে চলেছি৷ ইতোমধ্যে এটা আমার কাছে শুধু শারীরিক কসরতের বিষয় নয়, বরং মানসিক স্তরে নির্মল এক অনুভূতি হয়৷ নীচে উপত্যকায় থাকলে এমন ভাবনা আসতেই পারে না৷ সে কারণে এই সব তরুণদের এবং পাহাড়ি কুটিরগুলির সঙ্গে যোগাযোগ আমার কাছে অত্যন্ত জরুরি৷ আমি এই গোষ্ঠীর অংশ হতে চাই৷''

স্টেফান সাধারণত একাই হেঁটে পাহাড়ি কুটিরে যান৷ দিনে সর্বোচ্চ তিন বার যাতায়াত করেন তিনি৷ স্টারি স্মোকোভেটস-এর বেস ক্যাম্পে তিনি প্রয়োজনীয় রসদ বেঁধে প্রস্তুত হন৷ কাঁধের উপর একশো কিলো পর্যন্ত মালপত্র বইতে পারেন তিনি৷ স্টেফান বাকর মনে করেন, শেরপা হওয়া ঠিক পেশা নয়, বরং এক জীবনদর্শন৷ তাঁর ভাষায়, ‘‘আমি ইউরোপের শেষ শেরপাদের একজন৷ আমার সঙ্গে টাটরার সুন্দর পাহাড়, রোমাঞ্চকর উপত্যকা ও পাহাড়ি কুটিরগুলি ঘুরে দেখার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি৷ ‘‘আমরা ‘হাই টাটরা' জাতীয় পার্কে রয়েছে৷ মধ্য ও পূর্ব ইউরোপে এটাই সবচেয়ে পুরানো ও সবচেয়ে বড় জাতীয় পার্ক৷ ইউনেস্কো স্বীকৃত এই বায়োস্ফিয়ার রিজার্ভে এখনো নির্মল প্রকৃতির স্বাদ পাওয়া যায়৷ অসাধারণ জায়গা৷ পৃথিবীর এই প্রান্তে বসবাস করার সুযোগ আমি খুব উপভোগ করি৷''

শেরপার কাজ সবসময়ে এমন মনোরম হয় না৷ তবে ইউরোপের শেষ শেরপারা প্রতিনিয়ত পাহাড় চড়ছেন৷

গেয়ারহার্ড সনলাইটনার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ