একজন রিমা জুলফিকারের গল্প শুনি
৯ সেপ্টেম্বর ২০০৯
ছোট পরিসর থেকে ব্যবসাকে বড় করার পাশাপাশি এখন তিনি নিজে একজন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন৷ অনেকটা শখের বশেই চট্টগ্রামে শুরু করেছিলেন ব্যবসাটা৷ মাত্র ১২ হাজার টাকা পুঁজি ও ১২ জন নারী নিয়ে শুরু করেন তিনি৷ কারুপণ্য তৈরি করে সেগুলো বিক্রি করতেন৷ ১৯৯০ সালে ব্যবসার শুরুটা এভাবেই ছিল রিমা জুলফিকারের৷ মাত্র ১২ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা ব্যবসাটি ২০ বছরে প্রায় অর্ধকোটি টাকায় এসে দাঁড়িয়েছে৷
বর্তমানে বিভিন্ন পেশায় নারীরা নিয়োজিত৷ বিশেষ করে যেসব শিল্প প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তিনির্ভর সেসব প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ যেমন বাংলাদেশে বেড়েছে তেমনি তারা তাদের মেধার বিকাশ ঘটাতে পারছে৷ বিভিন্ন সংগঠনের জরিপে দেখা গেছে, বাংলাদেশের নারীদের অর্থনৈতিক কার্যক্রমের হার ৬৭ শতাংশ৷ মোট নারী শ্রমশক্তির ৭৮ ভাগ কৃষিকাজে নিয়োজিত৷ দেশের পরিবেশ খাতে ১২ ভাগ, শিল্প খাতে ১০ ভাগ নারী শ্রমশক্তি অবদান রাখছে৷ দুই যুগ ধরে দেশের মোট রফতানি আয়ের ৭৫ ভাগ উপার্জনকারী পোশাক শিল্প খাতের ৮০ ভাগ বা ১৫ লাখ শ্রমিক নারী৷ জাতীয় উন্নয়নের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হলো ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে অর্থনীতিতে নারীর অবদান৷ এরই পরিপ্রেক্ষিতে লাখ লাখ নারী আজ উদ্যোক্তা হিসেবে উঠে এসেছে৷ তাদের পরিবারকে দরিদ্রদশা থেকে মুক্ত করেছে৷
বাংলাদেশের নারী উদ্যোক্তাদের অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও পণ্যের গুণগত মান ও উৎকর্ষ এবং বহুমুখীকরণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় বিশ্ববাজারে প্রতিযোগিতায় তাঁরা পিছিয়ে পড়ছেন৷ এই অবস্থার পরিবর্তন করতে চাচ্ছে সরকার এবং বাংলাদেশ মহিলা উদ্যোক্তা সংগঠন৷ নারী উদ্যোক্তাদের ক্ষমতা বৃদ্ধি, পণ্যের গুণগত মান ও উৎকর্ষ বাড়ানোর মাধ্যমে ইউরোপীয় বাজারে প্রবেশ ও প্রসারের চেষ্টা করা হচ্ছে৷ এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বাংলাদেশের নারী উদ্যোক্তাদের দক্ষতা এবং আন্তর্জাতিক বাজারের পরিসর বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে৷ আর সরকার জানিয়েছে, বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ সুযোগ দেয়া হবে৷
প্রতিবেদক: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক