1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক সন্তান নীতির ফলে নিঃসঙ্গ চীনা বাচ্চারা

২০ আগস্ট ২০০৯

আমার কেন কোন ভাই বোন নেই ? চীনের এই প্রজন্মের প্রশ্ন বাবা-মায়ের কাছে৷ ’একটি সন্তান’ - এই কৌশলের ফলে নিঃসঙ্গ একটি প্রজন্ম৷

BdT Nationalfeiertag in China, küssende Zwillinge
শিশুদের কাছে অন্য শিশুরাও কম আদরের নয়ছবি: AP

চীনের জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে চীনা সরকার ‘একটি মাত্র সন্তান' গ্রহণের নীতি চালু করেছিল৷ জার্মানির মত চীনেও মানুষের গড় আয়ু ৭০ বছরের উপরে৷ একটি মাত্র সন্তান গ্রহণের কারণে চীনের একাধিক প্রজন্ম বেড়ে উঠেছে নিঃসঙ্গ অবস্থায়৷ সে প্রজন্মের কোন ভাই-বোন নেই৷ নেই কেন মামা-খালা, চাচা বা ফুপু৷

লু ইয়ান কিনের কথাই ধরা যাক৷ সাংহাইয়ে বসবাস করছেন তিনি৷ সম্প্রতি ৩০ বছরে পা রেখেছেন৷ স্বামী এবং একমাত্র সন্তানের সঙ্গে জন্মদিন পালন করেছেন৷ তাঁর একটিই ইচ্ছা ৬ বছরের ছেলেকে একজন খেলার সঙ্গী যোগাড় করে দেয়া, তিনি চান আরেকটি সন্তান৷ তিনি আক্ষেপের সঙ্গে জানালেন, আমি এবং আমার স্বামী দুজনেই বাবা-মায়ের একমাত্র সন্তান৷ আমাদের এই মুহূর্তে আর্থিক সামর্থ্য রয়েছে আরেকটি সন্তান লালন-পালনের৷ আমার ছেলে প্রায়ই প্রশ্ন করে - সে কেন ভাই বা বোন পাবে না ? আমার বাবা-মা এবং শ্বশুর-শাশুড়িও তাই চায়৷ তারা মনে করে একটি যথার্থ পরিবারে একটি নয় একাধিক বাচ্চা থাকতেই পারে৷

লু ইয়ান কিন এবং তাঁর স্বামী দুজনেই - 'একটি মাত্র সন্তান' – সেই প্রজন্মের৷ কোন ভাই-বোন ছাড়াই তারা বড় হয়েছেন৷ এধরণের দম্পতি এখন আরেকটি সন্তানের জন্য চেষ্টা করতে পারেন - রাষ্ট্র অনুমতি দিয়েছে৷ এর আরেকটি কারণ হল, যে-প্রজন্ম প্রবীণ হচ্ছে এবং এক পর্যায়ে যারা আর কাজ করার সামর্থ্য রাখবেন না, তাদের দেখাশোনার জন্য চাই পরিবারেরই লোকজন৷ মাত্র একজন অর্থ উপার্জনকারীর পক্ষে দুজনের দেখাশোনার জন্য যথেষ্ঠ অর্থ হাতে থাকবে কিনা তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন৷ একজনের পক্ষে যে সম্ভব নয় তা বর্তমান আর্থ-সামাজিক অবস্থা থেকে পরিস্কার বোঝা যাচ্ছে৷ অনেকেই আগ্রহ দেখাচ্ছেন দুটি সন্তান গ্রহণের৷

একাধিক সন্তান অনেক মায়ের কাছেই একান্ত কাম্যছবি: Picture-alliance/dpa

সাংহাই অন্য এলাকার অনেক আগেই এক সন্তান কৌশল গ্রহণ করেছিল৷ এর ফলে যা হয়েছে তা হল এখানে বৃদ্ধ-বৃদ্ধাদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি৷ সাংহাইয়ে শতকরা ২১ শতাংশ মানুষের বয়স ৬০ এর বেশি, ১৫ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি৷ জার্মানিতে যেমন দেখা যায়৷

সাংহাইয়ে এর ফলাফল ভয়াবহ৷ কর্মজীবী মানুষের সংখ্যা হ্রাস পাচ্ছে দ্রুত৷ দেরিতে হলেও সরকারের দৃষ্টিতে তা ধরা পড়েছে৷ একটিমাত্র সন্তান - এই নীতিতে পরিবর্তন আনতে হবে৷ সময় পাল্টেছে, পাল্টেছে রাজনৈতিক দৃষ্টিকোণ৷ একটিমাত্র সন্তান গ্রহণ করার পরও চীনে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে৷ প্রতি বছর চীনে জন্ম নিচ্ছে প্রায় দু কোটি শিশু৷

তবে এই জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা গেছে গ্রামগুলোতে অনেক বেশি৷ দক্ষিণ প্রদেশের জিয়াং সি তার মধ্যে উল্লেখযোগ্য৷ একটি স্কুলের ক্লাসরুম উপচে পড়ছে ছাত্র-ছাত্রীতে৷ সে গ্রামে অন্য রকম নিয়ম কাজ করেছে৷ কারো প্রথম সন্তান একটি মেয়ে হলে সেই পরিবারের জন্য দ্বিতীয় সন্তান গ্রহণে কোন বাধা ছিল না৷

যুক্তি দেখানো হয়েছে মাঠে-ঘাটের কাজে শক্ত সামর্থ্য ছেলে প্রয়োজন৷ শুধুমাত্র যারা সংখ্যালঘিষ্ঠ তাদের জন্য ছিল অন্য আরেক নিয়ম৷ মুসলমান উইগুর সম্প্রদায় তিনটি সন্তান পর্যন্ত গ্রহণ করতে পারে৷ এর সঙ্গে রয়েছে কয়েক লক্ষ শিশু যাদের অস্তিত্ব গোপন রাখা হয়েছে৷ তাদের সংখ্যা কত তা জানা যায়নি৷ উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে চীনের জনসংখ্যা দেড়শ কোটির কাছাকাছি৷

ফিরে যাচ্ছি সাংহাইয়ের আলোচনায়৷ সাংহাইয়ের পুডং অঞ্চলে কাজ করছে ইয়ু ইয়ুকিন৷ জন্মহার নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট একটি দপ্তরে তিনি কাজ করেন৷ তিনি জানালেন, প্রতি বছরই বিবাহিত দম্পতির সংখ্যা বাড়ছে যারা দ্বিতীয় সন্তানের জন্য আবেদন করছেন৷ এবং তাদের অনুমতি দেয়াও হচ্ছে৷ এ অঞ্চলে ২০০৬ সাল থেকে তার সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে৷

ইয়ুর একটিই ছেলে এবং ছেলেটি মায়ের কাছে খেলার সঙ্গী চায়৷ যে ভাবেই হোক তার একটি ভাই বা বোন চাই৷ যার সঙ্গে সে খেলতে পারবে, যার হাত ধরে সে সকাল-বিকাল বেড়াতে বের হবে৷

প্রতিবেদক: মারিনা জোয়ারদার, সম্পাদনা: আবদুল্লাহ আল ফারুক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ