কল্প-গল্প সত্যি করার চেষ্টা
১৫ সেপ্টেম্বর ২০০৯
কম্পিউটারের পর্দাকে হাতের রুমালের মতো পকেটে গুটিয়ে রাখতে দেখলে কেমন মনে হবে আপনার? কিংবা দেখছেন উপকূলে ভিড়তে পারছে না দেখে জাহাজের দিকেই ছুটে যাচ্ছে চলন্ত নোঙ্গর? আপনার কল্পনার সীমা ডিঙ্গিয়ে রাস্তা থেকেই যদি গাড়িগুলোকে জ্বালানি নিতে দেখেন? ভাবছেন সাইফাই মুভির কথা হচ্ছে৷ সেরকম শোনালেও দক্ষিণ কোরিয়ার সেরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি পাওয়া কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কেএআইএসটি এসবকে এই শতকের প্রযুক্তি বলেই মনে করছে৷
সরকারি এই বিশ্ববিদ্যালয়ে এধরণের প্রকল্পসহ আরো নানা রকমের প্রকল্পের কাজ চলছে৷ যুদ্ধোত্তর দারিদ্র্য মোকাবিলা করে দেশকে শিল্পোন্নত করার উদ্দেশ্য নিয়ে ১৯৭১ সালে প্রতিষ্ঠা করা হয় শিক্ষায়তনটি৷ কোরিয়া যে এখন বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মাতা দেশ; ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, গাড়ি ও ইস্পাত শিল্পে তারা যে অগ্রগণ্য এক শক্তি তার পেছনে এ শিক্ষায়তনটির অবদান অনেক বলেই মনে করা হয়৷
কেএআইএসটি-এর প্রেসিডেন্ট সু ন্যাম পাইয়ো বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন সামনের দিকে চলার সময়৷ সবদেশ ইতিমধ্যে যা করে ফেলেছে, সেসব অনুসরণ করে কোরিয়ার অর্থনীতি আরো উন্নত হতে পারবে না৷
তিনি বলেন, এমন কিছু করতে হবে যা একুশ শতকে মানুষের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ৷এজন্য কোরিয়ার শিক্ষা ব্যবস্থার আরো উন্নয়ন দরকার বলে মনে করেন ন্যাম পাইয়ো৷ গত এক বছরে বেসরকারি খাতে অভিভাবকদের শিক্ষার পেছনে ব্যয় ছিল ১৬৪০ কোটি মার্কিন ডলার৷ বিপুল এ ব্যয়ের ফল নিয়েও প্রশ্ন আছে সাবেক ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি, এমআইটি অধ্যাপকের মনে৷ তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার পক্ষপাতী৷ এরই মধ্যে কেএআইএসটি লক্ষ্য স্থির করেছে, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশ্বের সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়ের একটি হতে৷ এ লক্ষ্যকে সামনে রেখে ইংরেজীতে শিক্ষাদানের ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে৷
৭৩ বছর বয়সী এই অধ্যাপক মনে করেন, ইংরেজিতে শিক্ষিত হলে তাঁর প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্রদের কদর হবে দুনিয়া জোড়া৷ কিছু কিছু ক্ষেত্রে তাঁর বিশ্ববিদ্যালয় এমনকি এমআইটি-এর সঙ্গে পাল্লা দিতে পারে বলে মনে করেন ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রধানের দায়িত্ব পালনকারী পাইয়ো৷ জ্বালানি, পরিবেশ, পানি ও টেকসই প্রযুক্তিতে তাঁর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান অত্যন্ত উন্নত বলে দাবি করেন তিনি৷
বিশ্ববিদ্যালয়ের অনেক চলতি প্রকল্পের একটি রাস্তা থেকেই গাড়িতে জ্বালানি সংগ্রহ বা গাড়ি চার্জ করে নেওয়া৷ এতে সড়কের নিচেই থাকবে তার৷ সরাসরি কোনো সংযোগ ছাড়াই গাড়ি একটি চুম্বকীয় যন্ত্রের সাহায্যে প্রয়োজনীয় জ্বালানি জোগাড় করে নেবে৷ লিথিয়াম সীমাবদ্ধতা এবং এর অতি মূল্যের কারণে লিথিয়াম ব্যাটারিকে শক্তি উৎপাদনে আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে কেএআইএসটি৷
একেবারে শুরুতেই বলা চলমান নোঙ্গর তৈরি প্রকল্পের জন্য এর মধ্যে সরকারের কাছ থেকে বেশ বড় অংকের অর্থ পেয়েছে প্রতিষ্ঠানটি৷ এ প্রকল্প সফল হলে তাতে বন্দর ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে৷ আর রুমাল সদৃশ যে ল্যাপটপের কথা বলা হয়েছিল তার ধারণা এসেছিল কেএআইএসটির এক আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রের মাথা থেকে৷
প্রতিবেদক: নাসিরউদ্দিন খোকন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক