কৃত্রিম পতঙ্গ তৈরির চেষ্টায় জাপানি বিজ্ঞানীরা
১৬ জুলাই ২০০৯
তারা চেষ্টা করছে কীট-পতঙ্গের মস্তিষ্ক বুঝবার এবং সে অনুযায়ী বিশেষ কাজের জন্য কৃত্রিম পতঙ্গ নির্মাণের৷
টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিওহেই কানজাকি তিন দশক ধরে পতঙ্গের মস্তিষ্ক নিয়ে গবেষণা করছেন৷ তবে তাঁর প্রধান উদ্দেশ্য মানব মস্তিষ্ক আয়ত্ত করা৷ অসুখ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানব মস্তিষ্ক সারানোর বড় উদ্দেশ্য সামনে রেখেই তাঁর গবেষণা৷ মূলত একাজ করতে গিয়েই পতঙ্গের ক্ষুদ্র মস্তিষ্কের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দেন তিনি৷
মানব মস্তিষ্কে প্রায় ১০ হাজার কোটির মতো নিউরন বা স্নায়ুকোষ রয়েছে৷ সংকেত আদান প্রদান এবং উদ্দীপকের প্রতি দেহকে সাড়া দিতে নির্দেশনা দেয় কোষগুলো৷ সে তুলনায় পতঙ্গের মস্তিষ্ক আকারের দিক থেকে মানুষের চেয়ে অনেক ছোট৷ মাত্র দুই মিলিমিটার প্রশস্ত পতঙ্গ মস্তিষ্কে নিউরন রয়েছে এক লাখের মতো৷
তবে কানজাকি বলছেন, আকারই সবকিছু নয়৷ পতঙ্গের ছোট্ট মাথাও অনেক জটিল কাজ করে৷ উড়ন্ত অন্য কোনো পতঙ্গকে ছোঁ মেরে ধরতে পারাটা সেই জটিল ক্রিয়ারই প্রকাশ৷ কানজাকির ভাষায়, পতঙ্গ মস্তিষ্ক কোটি বছরের বিবর্তনে সৃষ্ট অনেক সফটওয়্যারের অসাধারণ সমন্বয়৷
এর আরেকটি উদাহরণ হচ্ছে, এক ধরণের পুরুষ পতঙ্গ প্রায় এক কিলোমিটার দূর থেকে নারী পতঙ্গের ঘ্রাণ টের পায়৷ কানজাকি আশা করছেন কৃত্রিমভাবে পতঙ্গের মস্তিষ্ক সৃষ্টি করা যাবে৷
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, মস্তিষ্ককে একটি জটিল ধাঁধাঁ চিত্র হিসেবে মনে রেখে কাজটা করা যেতে পারে৷ প্রত্যকটি অংশ ঠিক কীরকম এবং তা থেকে এটি কতদূর যেতে পারে সেটি বুঝতে পারলে আবারো একই রকমের চিত্র তৈরি করা সম্ভব৷ এভাবে ভবিষ্যতে ইলেকট্রনিক সার্কিট দিয়ে পতঙ্গ মস্তিষ্ক তৈরি করা যেতে পারে৷ আর এই সার্কিট পরিমার্জনের মাধ্যমে সত্যিকারের মস্তিষ্ক নিয়ন্ত্রণের কাজে হাত দেয়া যাবে৷
কানজাকির দল পতঙ্গ মস্তিষ্ক নির্মাণে বেশ অনেকদূর এগিয়ে গেছে৷ জেনেটিক্যালি মডিফাই করে তারা এমন একটি পতঙ্গ সৃষ্টি করেছে যেটি ঘ্রাণের পরিবর্তে আলোর উদ্দীপনার প্রতি সাড়া দিতে সক্ষম৷ এর পরিমার্জনের মাধ্যমে অদূর ভবিষ্যতে বহু দূরের অবৈধ মাদক, স্থল মাইন, ধ্বংস স্তূপে চাপা পড়া মানুষ, বিষাক্ত গ্যাসের মতো জিনিস সনাক্ত করা যাবে বলে মনে করেন অধ্যাপক কানজাকি৷
প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক