1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেলেঙ্কারিতে জর্জরিত বার্লুসকোনি

২৭ আগস্ট ২০০৯

রাজনীতির ময়দানে বেশ জনপ্রিয় ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি৷ কিন্তু ব্যক্তিগত জীবনে একের পর এক স্ক্যান্ডালের খেসারত তাকে এবার দিতে হচ্ছে৷

Silvio Berlusconi und Veronica Lario
ইটালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি এবং স্ত্রী ভেরোনিকা লারিও (ফাইল ফটো)ছবি: AP

এমনিতেই কূটনৈতিক মহলে ইটালির প্রধানমন্ত্রীর দুর্নাম রয়েছে যে তিনি মাঝেমধ্যেই অসতর্ক উক্তি করে বসেন৷ কিন্তু তাঁর এই অসতর্কতা যে ব্যক্তি জীবনেও রয়েছে, সেটা বোধকরি আগে এভাবে জানাজানি হয়নি৷ এর পরিণতি হিসেবে তার বর্তমান ও দ্বিতীয় স্ত্রী ভেরোনিকা লারিওর সঙ্গে বিবাহ বিচ্ছেদ যে নিশ্চিত, তা বলা যায়৷ সম্প্রতি একটি আত্মজীবনী লিখেছেন ভেরোনিকা – যাতে তিনি তুলে ধরেছেন, কেন তিনি দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের অবসান চান৷

দাম্পত্য জীবনের বাইরেও একের পর এক নারী সঙ্গ পেয়েছেন সিলভিও বার্লুসকোনি৷ এক পর্যায়ে স্বামীর এই অসততা টের পেয়ে যান ভেরোনিকা৷ গত এপ্রিল মাসে এক সন্ধ্যায় বার্লুসকোনি তাকে টেলিফোনে জানান, যে তাঁকে নেপলস যেতে হচ্ছে একটি জরুরী সভায় যোগ দেওয়ার জন্য৷ কিন্তু পরে ফাঁস হয়ে যায় যে আসলে কোন জরুরী সভা নয় – সেটি ছিল ১৮ বছর বয়সী নোয়েমি লেটিজিয়ার জন্মদিনের পার্টি – যিনি মূলত মেয়েদের অন্তর্বাসের বিজ্ঞাপনচিত্রের মডেল৷ জন্মদিনের ওই পার্টিতে মডেল নোয়েমিকে ছয় হাজার ইউরো দামের একটি নেকলেসও উপহার দেন বার্লুসকোনি৷ এই ধরণের অনেক ঘটনা স্ত্রীর কাছে লুকিয়েছেন বার্লুসকোনি, যা উঠে এসেছে ভেরোনিকার কথায়৷ এই ব্যাপারে ভেরোনিকা বলেন, ‘‘আমি মনে করি, আমার আর কোন উপায় ছিল না বিচ্ছেদ ছাড়া৷ যদি আমি এটা মেনে নেই, তাহলে সে আবার আমার কাছে মিথ্যা কথা বলবে৷'' এই ঘটনার পর ৪ঠা মে বিচ্ছেদের দাবি তোলেন ভেরোনিকা৷ এছাড়া এসব বিষয় নিয়ে একটি আত্মজীবনী প্রকাশের সিদ্ধান্ত নেন ভেরোনিকা৷ কথা বলেন সাংবাদিক মারিয়া লাটেলার সঙ্গে৷ তবে এর মধ্যেই আবার নতুন স্ক্যান্ডাল৷ এবার প্যাট্রিসিয়া দাদ্দারিও নামে এক পতিতার স্বীকারোক্তি এবং প্রধানমন্ত্রী বার্লুসকোনির সঙ্গে তার রাত কাটানোর কাহিনী৷

অষ্টাদশী মডেল নোয়েমি লেটিজিয়াছবি: AP

ভেরোনিকা ট্রেন্ড নামে এই আত্মজীবনীতে ভেরোনিকা আরো বলেছেন, অন্য নারীদের প্রতি তাঁর স্বামীর আচার আচরণ তিনি অনেক সহ্য করেছেন৷ তিনি বলেন, ‘‘আমি পথের শেষ প্রান্তে এসে দাড়িয়েছি৷ ১০ বছর আগেও আমি এর জন্য প্রস্তুত ছিলাম না৷ তবে আমি এখন এই লোককে ছেড়ে যাচ্ছি৷'' তিনি বার্লুসকোনিকে বিশ্বের সামনে হাস্যকর বলেও মন্তব্য করেছেন৷

সিলভিও বার্লুসকোনি এবং ভেরোনিকা লারিওর প্রথম সাক্ষাত হয় ১৯৮০ সালে৷ সেই থেকে প্রেম, চলে দীর্ঘ ১০ বছর৷ এর মধ্যে তিন সন্তানের জন্মও দেন ভেরোনিকা৷ এরপর ১৯৯০ সালে তাঁরা বিয়ে করেন৷ দীর্ঘ ২৯ বছরের সম্পর্কে প্রেমিক ও স্বামী বার্লুসকোনির উত্থান দেখেছেন তিনি৷ পতনটাও নিজ চোখে দেখছেন৷ ‘‘যে বিষয়টি আমাকে সবচেয়ে কষ্ট দেয়, তা হলো বার্লুসকোনির মত মানুষ কিভাবে নিজেকে প্রতারণা করতে পারে?'' আক্ষেপ ভেরোনিকার৷ ‘‘সে অনেক কিছু করেছে, অনেককে জয় করেছে অথচ এখন মানুষ এমন কিছু নিয়ে কথা বলছে যা তার এসব অর্জনকে ভুলিয়ে দিয়েছে৷''

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ