ক্ষুধা দূর করতে ধনী দেশগুলি উত্সাহ দেখাচ্ছে না
১৭ অক্টোবর ২০০৯
এই ২০০৯ সালে গোটা বিশ্ব জুড়ে ক্ষুধার কষ্টে কাতর অভুক্ত মানুষের সংখ্যাটা পৌঁছে যাবে একশো কোটিতে৷ শুধু তাই নয়, তার চেয়ে ছাপিয়েও যাবে৷ তার মানে বিশ্বের একদিকে যখন ধনী দেশগুলিতে মানুষের কাছে প্রচুর উদ্বৃত্ত খাদ্য, যেখানে খাদ্যের বিপুল অপচয় এবং অখিদে, সেই একই গ্রহের অন্য অংশে তখন খাদ্য নেই৷ মা সন্তানের মুখে খাদ্য তুলে দিতে পারেন না, অনাহারে অপুষ্টিতে শত শত শিশু রোগাক্রান্ত৷ তাদের বাড়বৃদ্ধি হয় না ঠিকমত৷ তাদের ভবিষ্যত জরাগ্রস্ত কিংবা অসুস্থ৷ তাদের জন্য অপেক্ষমান মৃত্যু ছাড়া আর কিছুই নয়৷
এই তথ্য জানিয়ে ‘অ্যাকশন এইড' নামের এনজিও-র বক্তব্য, ধনী দেশগুলোর কাছে, জাতিসংঘের কাছে, সব খবরই আছে৷ তারা নানা আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ক্ষুধিত মানুষের কষ্ট দূর করার অনেক প্রতিশ্রুতিও বিলিয়ে যায়. কিন্তু, তারপর সেই বিলিয়ে দেওয়া প্রতিশ্রুতি রাখতে তারা আর কাজ করে না সবসময়৷ অথবা গড়িমসি করতে থাকে৷ কারণটা স্বাভাবিক৷ এই দরিদ্র, ক্ষুধার্ত মানুষকে সাহায্য করে আলাদা কোন নাম তো আর মেলে না৷ এর মাধ্যমে নেই কোন মুনাফার সম্ভাবনাও৷
যেমন গতমাসের শেষে অ্যামেরিকার পিটসবার্গে আয়োজিত জি টোয়েন্টি সম্মেলন৷ সেই সম্মেলনে ধনী দেশগুলিকে ক্ষুধার্ত বিশ্বের খাদ্যসমস্যা দূর করার জন্য দীর্ঘমেয়াদী বন্দোবস্ত করার আর্জি জানায় জাতিসংঘ৷ জি টোয়েন্টিতে যোগদানকারী প্রথম সারির দেশগুলি তখন কথা দেয় শুধু খাদ্য সাহায্যই নয়, অনুন্নত দেশগুলিকে কৃষিকাজে উন্নত করার জন্য তারা ত্রিশ বিলিয়ন ডলার সাহায্য করবে৷
কিন্তু ওই প্রতিশ্রুতিই সার৷ কবে কখন কীভাবে দেওয়া হবে এই অর্থ তার কোন রূপরেখা কিন্তু স্থির করে নি কেউই৷ বা করা হয় নি কোনপক্ষ থেকেই৷ ‘অ্যাকশন এইড' বিশ্ব খাদ্য দিবসে প্রকাশিত তাদের রিপোর্টে এই তথ্য ছাড়াও তুলে ধরেছে অতীতের এরকম প্রতিশ্রুতি ভুলে যাওয়ার বহু ঘটনার উদাহরণ৷
প্রথম বিশ্বের কোন দেশগুলির রয়েছে এরকম মানসিকতা? ‘অ্যাকশন এইড' বলেছে, গ্রীস, পোর্তুগাল, ইটালি, নিউজিল্যান্ড আর মার্কিন যুক্তরাষ্ট্রের নাম৷ জি এইট সম্মেলনে গত জুনে ইটালিতে এই দেশগুলো এমন অনেক প্রতিশ্রুতিই বিলিয়েছিল, যা পালন করতে তাদের উত্সাহে বেশ ঘাটতি রয়েছে৷
সুতরাং, ক্ষুধিত বিশ্বের ক্ষুধা আরও বাড়ছে৷ কারণ, ওদের দিকে ফিরে তাকানোর কেউই নেই৷
প্রতিবেদক: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: দেবারতি গুহ