1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিডেনমার্ক

গ্রিনল্যান্ডকে এভাবে সংযুক্ত করা যায় না, বললো ডেনমার্ক

৪ এপ্রিল ২০২৫

গ্রিনল্যান্ডকে অ্যামেরিকার সঙ্গে সংযুক্ত করতে চান ট্রাম্প। ডেনমার্ক বললো, এভাবে কোনো দেশকে সংযুক্ত করা যায় না।

গ্রিনল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জেনস ফ্রেডরিক নিলসন ও সরকারের কার্যকরী প্রধানের সঙ্গে ফ্রেডরিকসেন।
ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন বলেছেন, এভাবে কোনো দেশকে সংযুক্ত করতে পারে না অ্যামেরিকা। ছবি: Claus Rasmussen/Ritzau Scanpix/AFP

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের পক্ষ থেকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধীনে আনার জন্য বার বার চাপ সৃষ্টি করা হচ্ছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডরিকসেন কঠোরভাবে তার মোকাবিলা করছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার গ্রিনল্যান্ড থেকে তিনি বলেন, "এটা কেবলমাত্র ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের প্রশ্ন নয়। বহু প্রজন্ম ধরে আমরা অ্যাটলান্টিকের সংলগ্ন এলাকায় যে অঞ্চল গড়ে তুলেছি, এটা তার শৃঙ্খলার প্রশ্ন।"

গ্রিনল্যান্ডের নবাগত এবং বিদায়ী  প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি অ্যামেরিকা প্রসঙ্গে সরাসরি ইংরেজিতে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, "কোনো দেশকে এভাবে নিজের দেশের সঙ্গে যুক্ত করে নেওয়া যায় না। এমনকী, সুরক্ষার দোহাই দিয়েও নয়।"

গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও অভ্যন্তরীণ বিষয়ে তারা স্বয়ংশাসিত। যদিও ডেনমার্ক তাদের প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়গুলি দেখে।

রাশিয়া এবং চীনকে মোকাবিলা করার জন্য ট্রাম্প গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের ক্ষমতা বাড়াতে চান। বিশেষজ্ঞদের মতে, একই সঙ্গে তিনি ওই দেশের প্রাকৃতিক সম্পদের উপরেও দখল চান। 

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, বাইরে থেকে আসা এই চাপের মুহুর্তে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

সুরক্ষা বাড়ালো ডেনমার্ক

আর্কটিক যান, দূরপাল্লার দ্রোণ এবং স্যাটেলাইট সহ একাধিক প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ডেনমার্কের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। ডেনমার্ক ন্যাটোর অন্তর্ভুক্ত। আর্কটিকের সুরক্ষা বাড়ানোর কাজে তিনি যুক্তরাষ্ট্রকেও আহবান করেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিতর্কিত গ্রিনল্যান্ড সফরের কিছুদিনের মধ্যেই ডেনমার্কের প্রধানমন্ত্রী ওই দ্বীপে এলেন।

গত সপ্তাহে শুক্রবার কয়েক ঘণ্টার জন্য জেডি ভ্যান্স গ্রিনল্যান্ডে একটি মার্কিন সামরিক বেস ক্যাম্পে আসেন। তিনি অভিযোগ করেন, দ্বীপটিকে সুরক্ষিত রাখতে যথেষ্ট তৎপর নয় ডেনমার্ক। অ্যামেরিকা গ্রিনল্যান্ডের সুরক্ষা নিশ্চিত করবে বলেও জানান তিনি।

সেই সময় ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছিলেন ভ্যান্সের এই মন্তব্য 'অন্যায্য'।

এসসি/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ