জার্মানিতে ক্যাথলিক চার্চে প্রথম ‘ভারতীয়' সহকারী বিশপ
১৬ মার্চ ২০২৬
এই স্বীকৃতিকে ‘জোরালো সংকেত' মনে করেন পোট্টাকাল৷ রবিবার জার্মানির মাইনৎস ক্যাথেড্রালে বিশপ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন তিনি৷ ২০২৫ সালের নভেম্বরে তাকে বিশপ হিসেবে নিয়োগ দেয়া হয়৷ সেদিনের পর থেকে অভিবাসী পটভূমির লোকদের বহুবার চিৎকার করে বলতে শুনেছেন, ‘‘অবশেষে...!''
৪৮ বছর বয়সি পোট্টাকাল মনে করেন, তারা আসলে বোঝাতে চেয়েছেন ‘‘এখন তারাও যে জার্মানির ক্যাথলিক চার্চের অন্তর্ভুক্ত তা-ও স্বীকৃত হলো৷'' ডয়চে ভেলেকে তিনি বলেন, এটি একটি ‘বিস্ময়কর প্রেরণা'৷
গত ১ মার্চ পর্যন্ত ডায়োসিসে একজন পার্সোনাল অফিসারের দায়িত্ব পালন করেছেন পোট্টাকাল৷ নতুন দায়িত্বে এখন তার কাজ হবে বিশপকে সহায়তা করা৷ জার্মান ভাষায় এখন তিনি ‘ভাইবিশফ' (ইংরেজিতে অক্সিলারি বিশপ)৷
জার্মানির বিশপস কনফারেন্সের তথ্য অনুযায়ী, জার্মানিতে অন্য দেশ থেকে আসা ক্যাথলিক খ্রিষ্টানদের মধ্যে অনেকেই এখন বাড়িতে জার্মান বলতে পারেন৷
কোলনের আর্চডায়োসিসে এর সংখ্যা প্রায় এক-পঞ্চমাংশ, ফুলদা এবং মাইনৎসে প্রায় ২৫% আর লিম্বুর্গে প্রায় ৩৫%-এর মতো৷
জার্মানিতে ফাদার জোশি
পোট্টাকাল জার্মানিতে আছেন ২০ বছরেরও বেশি সময় ধরে৷ ডায়োসিসের অনেকের কাছেই তিনি ‘ফাদার জোশি' হিসেবে পরিচিত৷ জার্মান পাসপোর্ট পেয়েছেন অনেক বছর আগে৷ সহকারী বিশপ হিসেবে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘যখন সমাজ অনেকটাই মেরুকরণে বিভক্ত এবং অভিবাসন পটভূমির লোকেরা অনেক ক্ষেত্রেই প্রতিকূলতার মুখোমুখি, তখন এমন দায়িত্ব পাওয়া এক ধরনের জোরালো সংকেত৷''
সহায়ক বিশপ হিসেবে জোশি জর্জ পোট্টাকালের নাম সুপারিশ করেছিলেন মাইনৎসের পেটার কোলগ্রাফ৷ ২০২৫ সালের নভেম্বরে তাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় বিশপ পেটার কোলগ্রাফ বলেছিলেন, ‘‘আমাদের সময়ের জন্য জোরালো এবং গুরুত্বপূর্ণ লক্ষণ৷'' তিনি আরো বলেছিলেন, ‘‘এই গির্জায় কোনো আগন্তুক নেই৷''
ক্রিস্টফ স্ট্র্যাক/ এসিবি