1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

টিকা না দিলে হতে পারে ২৫০০ ইউরো জরিমানা

৬ মে ২০১৯

বাচ্চাদের হামের টিকা না দিলে বাবা-মা-এর জন্য আড়াই হাজার ইউরো জরিমানার বিধান রেখে আইনের প্রস্তাব করেছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েনস স্পান৷ হাম রোগ সমূলে ‘উৎপাটন' করার কথা বলছেন রক্ষণশীল এই আইনপ্রণেতা৷

Symbolbild Masern-Impfung
ছবি: picture-alliance/dpa/K.-J. Hildenbrand

স্বাস্থ্যমন্ত্রীর প্রস্তাবিত ওই আইনে বলা হয়, যেসব বাবা-মা বাচ্চাদের হামের টিকা দেওয়ার বিরোধিতা করবেন, তাঁদেরকে ২৫০০ ইউরো জরিমানা গুণতে হবে৷ পাশাপাশি তাঁদের সন্তানদের কিন্ডারগার্টেন থেকে বের করে দেয়া হতে পারে৷

‘‘হামকে সমূলে দূর করতে চাই আমি'', জার্মানির ‘বিল্ড আম জোনটাগ' পত্রিকাকে বলেছেন মন্ত্রী স্পান৷ ‘‘প্রত্যেক বাবা-মা-কে নিশ্চিত হতে হবে, তাঁদের সন্তানরা হাম আক্রান্ত নয় এবং এর ঝুঁকিতে নেই৷''

৯৩ শতাংশ শিশু টিকার আওতায় রয়েছে বলে জার্মানির রবার্ট কোখ ইনস্টিটিউটের তথ্য, যদিও এটা প্রত্যাশিত ৯৫শতাংশ থেকে কম৷

স্পান বলছেন, কিন্ডারগার্টেনে নিষেধাজ্ঞা একেবারে খুদে বাচ্চাদেরও রক্ষা করতে সহায়তা করবে৷

জার্মানিতে প্রাথমিক পর্যায়ের শিক্ষা বাধ্যতামূলক হওয়ায় টিকাবিহীন শিশুদেরও স্কুলের বাইরে রাখার সুযোগ নেই৷ সে কারণে তাদের বাবা-মায়েদের জরিমানা করার চিন্তা করা হচ্ছে৷

এদিকে, নবজাতকদের পাশাপাশি এমন কিছু শিশুও আছে, লিউকেমিয়াসহ বিভিন্ন কারণে যাদেরকে টিকা দেওয়া সম্ভব হয় না৷ এই শিশুদের টিকার বাইরে রাখার জন্য বাবা-মায়েদের তাদের ডাক্তারি পরীক্ষার প্রমাণ দিতে হবে৷

সবার জন্য হামের টিকা নিশ্চিত করতে ২০২০ সালের জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছে জার্মানিতে৷ এ সময়ে যেসব বাবা-মা সন্তানদের স্কুলে বা কিন্ডারগার্টেনে পাঠাবে, তাদেরকে সন্তানের টিকার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে৷

একইসঙ্গে হাসপাতাল ও প্রাইভেট মেডিকেলের কর্মীদের সন্তানদের জন্যও হামের টিকা দেওয়ার বিষয়ে বাধ্যবাধতা আরোপ করা হচ্ছে৷

মন্ত্রিসভায় আলোচনার পর্যায়ে রয়েছে এই আইন৷ চলতি বছর আইনটি পাস এবং ২০২০ সাল থেকে কার্যকর হতে পারে৷

বিশ্বব্যাপী হাম ছড়িয়ে পড়ায় কঠোর উদ্যোগের আহ্বান জানিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)৷ কেবল গতবছরই বিশ্বে হাম রোগে ১ লাখ ৩৬ হাজার মানুষ মারা যায়৷

অটিজম হতে পারে এমন কুসংস্কার উন্নত দেশগুলোতে হামের টিকা প্রদানের ক্ষেত্রে বড় বাধা৷ এর মধ্যে জার্মানিতে চলতি বছরের প্রথম দুই মাসেই ১৭০ জন হাম আক্রান্ত রোগী নিবন্ধিত হয়৷

এমবি/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ