1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডাব্লিউইএফ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা ক্লাউস শোয়াবের

২২ এপ্রিল ২০২৫

জার্মান এই অর্থনীতিবিদ জেনেভার এই প্রতিষ্ঠান থেকে কেন অবসর নিলেন তা জানাননি।

ক্লাউস শোয়াব।
১৯৭১ সালে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম প্রতিষ্ঠা করেন ক্লাউস শোয়াব। ছবি: Michael Buholzer/KEYSTONE/picture alliance

সোমবার ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব সংস্থার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন।

একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, "আমি ৮৮ বছরে পা দিয়েছি। আমি স্থির করেছি চেয়ারম্যানের পদ থেকে এবং বোর্ড অফ ট্রাস্টিসের সদস্যপদ থেকে অব্যাহতি নেব।"

প্রতিবছর স্যুইজারল্যান্ডের দাভোসে বিলাসবহুল স্কি রিসর্টে  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক এবং অর্থনীতিবিদদের নিয়ে এই প্রতিষ্ঠানের বাৎসরিক সভা হয়।

শোয়াবের অবসরের পর ভাইস চেয়ারম্যান পিটার ব্রবেক-লেটমাটে অন্তর্বর্তী চেয়ারের পদে নিযুক্ত থাকবেন। ২০ এপ্রিলের সভায় শোয়াবের ইস্তফা গ্রহণের পর থেকেই এই পদের প্রার্থী খোঁজা শুরু হয়ে গেছে।

বিশ্বায়নের প্রধান মুখ দাভোস

১৯৭১-এ ডাব্লিউইএফ প্রতিষ্ঠা করেন শোয়াব। উদ্দেশ্য ছিল, নীতিনির্ধারক এবং কর্পোরেটের মাথাদের নিয়ে বিশ্বের জটিল সমস্যার সমাধান করা। সেই বছরেই প্রথম শীর্ষবৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বের তাবড় তাবড় শিল্পপতি, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন সেই সভায়।

এলিট হওয়ার কারণে বিগত এক দশকে দাভোসের এই শীর্ষবৈঠক দক্ষিণপন্থি এবং বামপন্থি দুই মহলের থেকেই সমালোচিত হয়। অভিযোগ ওঠে, সাধারণ মানুষ এবং তাদের সাধারণ জীবনের সঙ্গে ডাব্লিউইএফ-এর প্রতিনিধিদের কোনো সংযোগ নেই। শোয়াবকেও সাম্প্রতিককালে একাধিকবার ষড়যন্ত্র তত্ত্বের শিকার হতে হয়েছে। তার মধ্যে ২০১৬-তে ডাব্লিউইএফ-এ প্রকাশিত একটি বক্তব্য, "আপনার কিছুই থাকবে না এবং আপনি সুখী হবেন," ভাইরাল হয়। 

অনেকের মতে, ২০৩০-এর পৃথিবীর বর্ননা দিতে দিয়েই একথা বলেছেন তিনি। বাস্তবে যদিও এমন কোনো কথা তিনি লেখেননি বা বলেননি। ডেনমার্কের রাজনীতিবিদ ইডা ওয়কেন সম্ভাব্য ভবিষ্যতের উপর একটি প্রবন্ধে একথা লিখেছিলেন। তবে এর পরে অনেকেই দাবি করেন ব্যক্তিগত মালিকানা ধ্বংস করে ডাব্লিউইএফ একটি ডিস্টোপিয়ান ভবিষ্যৎ তৈরি করতে চাইছে।

এসসি/জিএইচ(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ