1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুরস্কে বিরোধীদের বিরুদ্ধে অভিযান, তিন মেয়র গ্রেপ্তার

৫ জুলাই ২০২৫

তুর্কি প্রেসিডেন্ট এর্দোয়ানের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে৷ ইস্তাম্বুলের মেয়রের পর এবার আটক করা হয়েছে দক্ষিণ তুরস্কের তিন মেয়রকে৷

মুহিত্তিন বোচেক
আটক হওয়া তিন মেয়রের একজন হলেন আন্টালিয়ার মুহিত্তিন বোচেক৷ ফাইল ফটোছবি: Orhan Cicek/AA/picture alliance

একজন প্রসিকিউটরের বিবৃতি এবং তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে, শনিবার আরও তিন মেয়রকে আটক করা হয়েছে৷ এদের প্রত্যেকেই তুরস্কের প্রধান বিরোধী দলের সদস্য৷

গত কয়েক মাস ধরে তুর্কি সরকার বড় ধরণের অভিযান চালাচ্ছে৷ এই অভিযানে রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি)-এর শত শত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে৷ এরমধ্যে ১১ জন মেয়রও রয়েছেন৷

গ্রেপ্তার সম্পর্কে যা জানা গেছে

ইস্তানবুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগে দক্ষিণের তিনটি বড় শহরের মেয়র এবং অন্য আটজনকে আটক করা হয়েছে৷

সিএইচপি দলের কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতরা হলেন দক্ষিণের শহর আদানা, দক্ষিণের রিসোর্ট শহর আন্টালিয়া এবং দক্ষিণ-পূর্বের আদিয়ামান শহরের মেয়র৷

তুরস্কের রাজধানী আংকারার মেয়র মনসুর ইয়াভাস সামাজিকমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘‘আমাদের আদানার মেয়র জেয়দান কারালার, আন্টালিয়ার মেয়র মুহিত্তিন বোচেক এবং আদিয়ামানের মেয়র আব্দুররাহমান তুতদেরেকে আটক করা হয়েছে৷’’

সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, অক্টোবর থেকে চলা একটি বিস্তৃত তদন্তের অংশ হিসাবে ১১ জন মেয়রসহ শত শত সিএইচপি সদস্যকে আটক করা হয়েছে৷

প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ানের ২২ বছরের শাসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন ইস্তানবুলের মেয়র একরেম ইমামোলু৷ মার্চ মাসে তাকে গ্রেপ্তার করা হয়৷ এরপর এক দশকের মধ্যে সবচেয়ে বড় জনবিক্ষোভ হয় তুরস্কে৷ তাকেও দুর্নীতির অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছিল৷ বিচার শেষের অপেক্ষায় এখনও কারাগারেই আছেন ইমামোলু৷

রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

এই সপ্তাহের শুরুতে ইজমিরের সাবেক মেয়র সিএইচপি দলের টুংক সোয়ের এবং ১৩৭ জন পৌর কর্মকর্তাকে টেন্ডার জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে আটক করা হয়েছিল৷

শুক্রবার সোয়ের এবং আরও ৫৯ জনকে কারাগারে পাঠানো হয়৷ সোয়েরের আইনজীবী এই ঘটনাকে ‘স্পষ্টতই অন্যায্য, বেআইনি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত' বলে আখ্যা দিয়েছেন৷

তুরস্কের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম শুক্রবার জানিয়েছে, আনতালিয়া প্রদেশের ভূমধ্যসাগরীয় রিসোর্ট শহর মানাভগাতের সিএইচপি মেয়র এবং আরও ৩৪ জনকেও দুর্নীতির অভিযোগে আটক করা হয়েছে৷

সিএইচপি তার নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেছে৷ দলটির দাবি, তদন্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং এর লক্ষ্য এর্দোয়ানের রাজনৈতিক হুমকিকে নিষ্ক্রিয় করা৷

সরকারের পক্ষ থেকে অবশ্য জোর দিয়ে বলা হচ্ছে যে, প্রসিকিউটর এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে৷ ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে এর্দোয়ানের দল একেপির বিরুদ্ধে সিএইচপির বিশাল জয়ের সঙ্গে এই অভিযান কোনোভাবেই সম্পর্কিত নয় বলেও দাবি সরকারের৷

ইমামোলুকে কারাগারে পাঠানোর পর তাকেই ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে সিএইচপি৷

তুরস্ককে কর্তৃত্ববাদের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর জনসমর্থন ধরে রাখতে হিমশিম খাচ্ছেন এর্দোয়ান৷ উচ্চ মুদ্রাস্ফীতি এবং লিরার অবমূল্যায়নের ফলে দেশটি এখন অর্থনৈতিক সংকটেরও মুখোমুখি৷

নিক মার্টিন/এডিকে/আরআর (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ