1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

তেলের দাম কমেছে, বরিস জনসন সৌদি আরব যাচ্ছেন

১৪ মার্চ ২০২২

সোমবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চতুর্থ দফা আলোচনা হওয়ার কথা রয়েছে৷ এদিকে ব্রিটেনের দ্য টাইমস পত্রিকা জানিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসন চলতি সপ্তাহে সৌদি আরব সফর করবেন৷

MSC Münchener Sicherheitskonferenz 2022 Boris Johnson
ছবি: Matt Dunham/AP Photo/picture alliance

এসব খবরে সোমবার ব্যারেল প্রতি তেলের দাম প্রায় চার ডলার কমেছে৷ গ্রিনিচ মান সময় সাতটা ৫২তে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ছিল ১০৮.৯২ ডলার৷

বিশ্ব শেয়ারবাজারেও ভালো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ ফ্রাঙ্কফুর্ট, প্যারিস আর টোকিওর বেঞ্চমার্ক বেড়েছে৷ যুক্তরাষ্ট্রের এসঅ্যাণ্ডপি ফিউচার ০.৫ শতাংশ এবং ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ফিউচার ০.৭ শতাংশ বেড়েছে৷ তবে চীনের শেনজেনে করনো ঠেকাতে নতুন করে লকডাউন দেয়ায় হংকং ও সাংহাইয়ের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে৷ হুয়াওয়েসহ চীনের বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানি শেনজেনে অবস্থিত৷ রোববার নতুন করে ৬০ জন করোনায় সংক্রমিত হওয়ায় শেনজেনে লকডাউন দেয়া হয়েছে৷

ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেলের দাম বাড়তে শুরু করে৷ সেটা কমাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে তেল উৎপাদন বাড়াতে অনুরোধ করেছে পশ্চিমা বিশ্ব৷ কিন্তু এখন পর্যন্ত তাতে সাফল্য আসেনি৷ ইয়েমেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাশগজি হত্যা ইস্যুতে পশ্চিমের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে বর্তমানে টানপোড়েন চলছে৷

এই অবস্থায় সৌদি আরবের মন গলাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটিতে সফরে যাচ্ছেন৷

কিন্তু সৌদি আরবে একদিন ৮১ জনের মৃত্যদণ্ড কার্যকর করার কয়েকদিনের মধ্যে দেশটির কাছে সহায়তা চাওয়া ঠিক কিনা- এই প্রশ্নের জবাবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ টাইমস রেডিওকে বলেন, ‘‘ইউরোপে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই সময় প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সৌদি আরবের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া এবং একসঙ্গে কাজ করতে চাওয়াটা যুক্তিসঙ্গত৷''

নিষ্পাপ পুরুষ, নারী ও শিশুর হত্যাকারী থেকে শুরু করে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত ৮১ জনের মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি৷ মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কয়েকজন আল-কায়েদা, ইসলামিক স্টেট গোষ্ঠী ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থনকারী বলেও জানানো হয়৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ