1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীর্ঘ ছুটিতে কি দ্রব্যমূল্য বেড়ে যায়?

১৯ মার্চ ২০২৬

এবার ঈদে দীর্ঘ ছুটি কি মূল্যস্ফীতি উসকে দেবে? অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সঠিক ব্যবস্থাপনা করা না গেলে জ্বালানী তেলের সংকটের সঙ্গে দীর্ঘ ছুটি মিলে দ্রব্যমূলের ওপর দ্বিগুণ প্রতিক্রিয়া হতে পারে৷

রাজধানী ঢাকায় ঈদের কেনাকাটা (ফাইল ফটো)
ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫ সালের ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯দিনের ছুটি ছিল৷ আর সে বছর ঈদুল আজহায় ছুটি বেড়ে ১০ দিনে গিয়ে ঠেকে৷ ৫ জুন থেকে শুরু হওয়া সরকারি ছুটি শেষ হয়েছিল ১৪ জুন৷ এ ছুটির প্রভাবে বাজারে চাল, ডিম, মুরগি, সবজিসহ বিভিন্ন ভোগ্যপণ্যের তখন বেড়ে যায়৷ ঈদুল আজহার লম্বা ছুটির প্রভাবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গবেষণায় উঠে এসেছে৷ছবি: Mortuza Rashed/DW

বাংলাদেশে ১৭ মার্চ থেকে ঈদের দীর্ঘ ছুটি শুরু হয়েছে৷ ঈদুল ফিতরের এই ছুটি সাত দিনের হলেও মার্চের বাকি দিনগুলোও মোটামুটি ছুটির আমেজে কাটবে৷ কারণ ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি৷ এর পরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি৷ ফলে এখানে আবার টানা তিন দিনের ছুটি আছে৷ ফলে সাত দিনের ছুটি গিয়ে ১০-১২ দিনে গড়াচ্ছে৷ বাংলাদেশ ব্যাংকের  কৃষিপণ্য নিয়ে এক গবেষণা বলছে দীর্ঘ ছুটি মূল্যস্ফীতি বাড়ায়৷

বাংলাদেশ ব্যাংকের গবেষণা যা বলছে

বাংলাদেশ ব্যাংক গত বছরের (২০২৫) ঈদুল আজহার দীর্ঘ ছুটি কীভাবে মূল্যস্ফীতিকে উসকে দিয়েছিল তা তাদের এক গবেষণায় দেখিয়েছে৷ ওই  বছরের ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের ১৮ জেলার ৬১টি উপজেলায় কৃষিপণ্য সরবরাহ শৃঙ্খল নিয়ে জরিপ চালায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইউনিট ও গভর্নরের দপ্তর৷ ‘আ স্টাডি অন ভ্যালু চেইন ইফিশিয়েন্সি অব দি এগ্রিকালচারাল প্রডাক্টস ইন বাংলাদেশ (দ্বিতীয় পর্যায়)' শিরোনামে পরিচালিত ওই গবেষণায় দেশের বাজারেরমোট ৫টি কৃষিপণ্য নিয়ে জরিপ হয়৷

গবেষণায় দেখা যায়, জরিপ চালনাকালে দেশের বাজারে মোটা চালের খুচরা বিক্রয়মূল্য ছিল কেজিপ্রতি ৬১ টাকা৷ এর আগের বছরের একই সময়ে দাম ছিল ৫৫ টাকা৷ একই সময়ে সরু চালের দাম ছিল ৭৮ টাকা; যা এক বছর আগে বিক্রি হয়েছিল ৭০ টাকা কেজি দরে৷ এক বছরের ব্যবধানে দেশের বাজারে মোটা ও সরু চালের দাম বাড়ে যথাক্রমে ১০.৯ ও ১১ শতাংশ৷ দরবৃদ্ধির পেছনে ঈদুল আজহার লম্বা ছুটি অন্যতম প্রভাবকের ভূমিকা রেখেছে৷ প্রতিবেদনে বলা হয়, ঈদুল আজহার সময় অধিকাংশ চালকল টানা ১০ দিন বন্ধ ছিল৷ একই সঙ্গে ব্যাংক বন্ধ থাকায় ধান কেনাবেচা কার্যত স্থবির হয়ে পড়ে৷ ফলে কৃষক ও ব্যবসায়ীরা ধান বিক্রি না করে মজুদ করেন৷ ঈদের পর মিলগুলো একসঙ্গে উৎপাদনে ফিরলে ধানের চাহিদা বেড়ে যায়, কিন্তু বাজারে সরবরাহ সীমিত থাকায় ধানের দাম বাড়ে৷ এর সরাসরি প্রভাব পড়ে চালের দামে৷ তবে ঈদের লম্বা ছুটির পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ, মজুরি ও সেচ খরচ বৃদ্ধি, চাষাবাদযোগ্য জমির পরিমাণ কমে যাওয়া, অন্য পণ্য উৎপাদনে ঝুঁকে পড়া, আমদানির ওপর শুল্কারোপও চালের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে উঠে আসে ওই গবেষণায়৷

‘বাংলাদেশ বিশ্বের সপ্তম বৃহত্তম ছুটি প্রদানকারী দেশ’

This browser does not support the audio element.

তারা চাল, আলু, পেঁয়াজ, ডিম ও ব্রয়লার মুরগি নিয়ে  গবেষণাটি করেছে৷ ওই গবেষক দলের একজন সদস্য বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাসেল হাসান৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘যেমন পেঁয়াজের বিষয়টি ধরুন৷ এর  বাজার হলো পুরো প্রতিযোগিতামূলক৷ এখন আমরা ঈদুল আজহার ছুটির সময় দেখেছি একটি নির্দিষ্ট দিনে কৃষকরা বাজারে পেঁয়াজ বিক্রি করেন৷ কিন্তু ওই সময় পাইকারি বাজারে পেঁয়াজের ক্রেতা ছিলোনা৷ কৃষকরা দাম পায়নি৷ কিন্তু ছুটির পরে আবার চাহিদা বেড়ে গেছে৷ কিন্তু সরবরাহ ছিলো কম৷ ফলে দাম অনেক বেড়ে গেছে৷ অন্যান্য কৃষিপণ্যের ক্ষেত্রেও তাই ঘটেছে৷''

তার কথা, ‘‘লম্বা ছুটি হলে কৃষিপণ্যের সাপ্লাই চেইন ভেঙে যায়৷ মিসম্যাচ হয়ে যায়৷ ফলে পরে দাম অনেক বেড়ে যায়৷ আমরা ওই পাঁচটি পণ্যে জরিপকালে কোনো মধ্যস্বত্বভোগী পাইনি৷ তারপরও মূল্যস্ফীতির ঘটনা ঘটেছে৷''

তার কথা, ‘‘যেসব পণ্যের দাম প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার ওপর নির্ভর করে সেইসব পণ্যের যদি সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয় তাহলে বাজার অস্থিতিশীল হয়ে পড়ে৷ লম্বা ছুটি নিয়মিত সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে৷''

ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫ সালের ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯দিনের ছুটি ছিল৷ আর সে বছর ঈদুল আজহায় ছুটি বেড়ে ১০ দিনে গিয়ে ঠেকে৷ ৫ জুন থেকে শুরু হওয়া সরকারি ছুটি শেষ হয়েছিল ১৪ জুন৷ এ ছুটির প্রভাবে বাজারে চাল, ডিম, মুরগি, সবজিসহ বিভিন্ন ভোগ্যপণ্যের তখন বেড়ে যায়৷ ঈদুল আজহার লম্বা ছুটির প্রভাবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গবেষণায় উঠে এসেছে৷

মূল্যস্ফীতি বাড়ছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এরইমধ্যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে৷ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক-তৃতীয়াংশের বেশি বেড়েছে৷ বাংলাদেশের অভ্যন্তরীন বাজারে এখনো জ্বালানি তেলের দাম বাড়ানো না হলেও সংকট তৈরি হয়েছে৷ প্রথমে রেশনিং করা হয়৷ পরে রেশনিং তুলে দেয়া হলেও বাস্তবে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নাই৷ ফলে তেল পাম্পে লম্বা লাইন৷ আবার কোথাও কেথাও বন্ধ রাখা হয়েছে৷

দেশে ২০২২ সালের শুরু থেকেই মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী হতে শুরু করে৷ ২০২৩ ও ২০২৪ সালজুড়ে এ হার ছিল দুই অংকের ঘরে৷ ২০২৫ সালের মাঝামাঝি পর্যায়ে এসে মূল্যস্ফীতি নিম্নমুখী হয়৷ ওই বছরের অক্টোবরে সর্বনিম্ন ৮. ১৭ শতাংশে নামলেও এর পর থেকে মূল্যস্ফীতি আবারো ঊর্ধ্বমুখী৷ সর্বশেষ টানা চার মাস ঊর্ধ্বমুখী থেকে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.১৩ শতাংশে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ৷ খাদ্যপণ্যের দাম বাড়ার প্রভাবেই মূল্যস্ফীতিতে এ চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)৷

গত ১৫ দিনে বাজারে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দামই বেড়েছে৷ এর মধ্যে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ২-৫ টাকা৷ সোনালি মুরগির দাম কোনো কোনো বাজারে কেজিতে ৩৫০ টাকা ছাড়িয়েছে৷ আর ব্রয়লার মুরগি ২৫০ টাকার বেশি৷ ঊর্ধ্বমুখী ডিমের দামও৷ ডজনে বেড়েছে ১৫ টাকা৷ বাজারে বাড়ছে সব ধরনের সবজির দাম৷ দীর্ঘ ছুটিতে বড় শহরের মানুষ ঈদ উদযাপন করতে গ্রামে যাচ্ছেন৷ এতে শহরের তুলনায় বেশি দূরত্বে থাকা গ্রামে পণ্য পরিবহন বেড়েছে৷ সঙ্গে বাড়ছে পরিবহণ ব্যয়৷

‘লম্বা ছুটির নেতিবাচক প্রভাব গবেষণায় স্পষ্ট’

This browser does not support the audio element.

তৈরি পোশাক প্রস্তুতকারী মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘‘লম্বা ছুটি আসলে সাপ্লাই চেইনকে বাধার মুখে ফেলে দেয়৷ এতে উৎপাদন যেমন বাধাগ্রস্ত হয় তেমনি মূল্যস্ফীতিতে প্রভাব ফেলে৷ এবার কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ, যা জ্বালানি পরিস্থিতিকে অস্বাভাবিক করে তুলেছে৷ আমরা এখন হয়তো শুধু জ্বালানি সংকটের কথা বলছি৷ কিন্তু পুরো বিশ্বই নানা সংকটের মুখে পড়ছে৷ ওয়ার্ল্ড অর্ডারই পরিবর্তন হয়ে যাচ্ছে৷''

তিনি যোগ করেন, "এই ঈদের ছুটির দুইমাস আড়াই মাস পরই কিন্তু আবার ঈদুল আজহার আরেকটা লম্বা ছুটি আছে৷ ফলে আমরা পর পর দুইটি লম্বা ছুটিতে যাচ্ছি৷ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো এই লম্বা ছুটির কারণে অর্ডার হারাচ্ছি৷ আগেও এটা হয়েছে৷ কিন্তু এবার নতুন পরিস্থিতিতে ভবিষ্যতে কি হয় তা তো জানিনা৷ ফলে অর্ডার নিতে পারলে কিছুটা স্বস্তিতে থাকতাম৷ আর ওভারঅল ইকোনমির কথা যদি বলেন তাহলে এই সময়ে উৎপাদন ব্যবহত হবে৷ সাপ্লাই কমে যাবে৷ ফলে মূল্যস্ফীতি বাড়বে,'' বলেন তিনি৷

তবে তার মতে, ‘‘দুই ঈদের এই লম্বা ছুটি তো আমাদের একটা ঐতিহ্য, রেওয়াজ৷ সরকার চাইওলেও হঠাৎ করে এর পরিবর্তন করতে পারবেনা৷ তবে ধীরে ধীরে আমাদের লম্বা ছুটির বিকল্প ভাবতে হবে৷''

ব্যাংকার এবং অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ বলেন, ‘‘লম্বা ছুটির প্রভাব যে নেতিবাচক এটা বাংলাদেশ ব্যাংকের গবেষণায় স্পষ্ট৷ এর প্রভাব এরইমধ্যে পড়তে শুরু করেছে৷ লম্বা ছুটিতে যা হয় তা হলো, এই  সময়ে উৎপাদন কমে৷ দ্রব্যমূল্য বাড়ে এর কারণ হলো সাপ্লাই চেইনে বিরাট একটা শিফট হয়৷ শহরের লোকগুলো গ্রামে চলে যায়৷ কিন্তু তাদের চাহিদা কমে না৷ তারা প্রচুর ক্যাশ টাকা নিয়ে যায়৷ তারা আরো ভালো খেতে চায়, গ্রামের লোকসহ৷ সাপ্লাই চেইনে ডিজরাপশনের ফলে মূল্যস্ফীতি হয়৷ সরকার যখন ৯-১০ দিন ছুটি ঘোষণা করে সেটা কিন্তু প্রাইভেট সেক্টরসহ সব সেক্টর মানতে বাধ্য৷ এখন যারা ডিষ্ট্রিবিউশন কোম্পানি চালায়, তারা লোক কোথায় পাবে? যারা প্রতিদিন উৎপাদন ও সরবরাহ করে তারা কীভাবে উৎপাদন সচল রাখবে? সরকার তো সবার ঘরের মধ্যে ঢুকে পড়ে না৷ সে তো বলেনা এই ছুটি আমার ১৪ লাখ লোকের (সরকারি কর্মচারি) জন্য৷ ফলে অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে৷''

তার কথা, ‘‘জ্বালানি তেলের সংকট চলছে৷ আমদানি খরচ বাড়ছে৷ জ্বালানি তেল ছাড়াও বিভিন্ন খাতে সরকারের ভর্তুকি বাড়ছে৷ কিন্তু উৎপাদন , আয় বাড়ছেনা৷ এটার প্রভাব তো বাজারে পড়া শুরু হয়েছে৷ যারা বলছেন জ্বালানি তেল সাশ্রয়ের জন্য লম্বা ছুটি৷ ছুটির কারণে কি মানুষের বাড়ি যাওয়া বন্ধ হবে? যানবাহন কম চলবে? অনেকে  পাকিস্তানের উদাহরণ দিচ্ছে৷ শ্রীলঙ্কার কথা বলছে৷ কিন্তু তারা আর আমরা তো এক না৷ আমরা তো একটা গ্রৌথ ইকোনমি৷ আমাদের সেভাবে দেখতে হবে৷ আপনি অংক করে দেখেন লম্বা ছুটির কারণে জ্বালানি সাশ্রয় হচ্ছে কী হচ্ছে না৷''

লম্বা ছুটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলম মোয়াজ্জেম বলেন, ‘‘বাংলাদেশে লম্বা ছুটিগুলো কোনো ধরনের কার্যকারণ সম্পর্ক ছাড়া হচ্ছে কী না সেটা বিবেচনা করতে হবে৷ বাংলাদেশে ঈদের ছুটিগুলো লম্বা হয়৷ কারণ গ্রামে যাওয়া, ফিরে আসা৷ একই সঙ্গে ছুটি কম হলে তাড়াহুড়োর কারণে দুর্ঘটনা বাড়ে৷ ফলে এর একটা সামাজিক গুরুত্ব আছে৷ কিন্তু আমার মনে হয় সেটা পাঁচ দিনের বেশি হওয়া ঠিক নয়৷'' তার কথা, ‘‘তবে হ্যাঁ, বাংলাদেশে বিশ্বের মধ্যে অন্যতম দীর্ঘ ছুটি প্রদানকারী একটি দেশ৷ সাধারণ ছুটি ছাড়াও বছরে ২০-২২ দিন অতিরিক্ত ছুটি দেয়া হয়৷ এটা বেশি ছুটি দেয়ার হিসাবে বাংলাদেশ বিশ্বের সপ্তম বৃহত্তম ছুটি প্রদানকারী দেশ৷ এর একটি নেতিবাচক অর্থনৈতিক প্রভাব আছে৷ সেক্ষেত্রে অ্যাডজাস্ট করার একটা কৌশল নেয়া যায়৷  সব উৎসবেই লম্বা ছুটি না দিয়ে উদযাপনের একটা কৌশল নেয়া যেতে পারে৷ উন্নত দেশগুলোতে বড় কেনো ছুটিকে অন্য ছুটির সাথে অ্যাডজাস্ট করা হয়৷ লম্বা  ৯-১০ দিনের ছুটি আমার কাছে যৌক্তিক মনে হয়না৷ মূল্যস্ফীতিসহ এর নানা ধরনের নেতিবাচক প্রভাব আছে৷ গত বছরও কোরবানির ঈদে লম্বা ছুটি নিয়ে নানা সমালোচনা হয়েছে৷''

‘‘যুদ্ধের গতি প্রকৃতি যা, তাতে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে৷ তেলের সংকট এবং উচ্চমূল্য দুই কারণেই পরিবহণ ব্যয় বেড়ে যাচ্ছে৷ ফলে আমদানি করা পণ্যের ওপর এর প্রভাব পড়বে৷ দাম বাড়বে৷ তবে সরকারের খেয়াল রাখতে হবে এটাকে ব্যবহার করে কোনো গোষ্ঠী যেন যৌক্তিকতার বাইরে পণ্যমূল্য না বাড়ায়৷ আরেকটি বিষয় হলে এই অজুহাতে দেশে উৎপাদিত পণ্যের দামও বাড়তে পারে৷ এটা ঠেকাতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার৷ আর ডিজেলের দাম বাড়লেও সরকার কৃষিতে ডিজেলের ভর্তুকি অব্যাহত রাখলে কৃষি উৎপাদনের খরচ বাড়বেনা৷ কিন্ত সারের সংকট আছে৷ সরকার সার আমদানির উদ্যোগ নিয়েছে৷ কিন্তু সারের দাম বাড়লে কৃষিপণ্যের উৎপাদন খরচ বাড়বে৷ দামও বাড়বে,'' বলেন এই অর্থনীতিবিদ৷

তার কথা, ‘‘এখন প্রত্যেকটি পর্যায়ে তদারকি দরকার, ছুটি থেকে শুরু করে, আমদানি, উৎপাদন, জ্বালানি সবক্ষেত্রে৷''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ