দেশে ফিরতে দেওয়ার চেয়ে তারা হুমকি দিতেই বেশি আগ্রহী : শেখ হাসিনা
১৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সরকার যে ভারত সরকারের কাছে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে – সে বিষয়টিকে ‘পরস্পরবিরোধী' আখ্যা দিয়ে তিনি বলেন, ‘‘কয়েক মাস ধরে তারা (সরকার) আমাকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে৷ অথচ এখন আমি যখন দেশে ফেরার বাস্তব পদক্ষেপ নিচ্ছি, তখন মনে হচ্ছে তারা আমাকে দেশে ফিরতে দেওয়ার চেয়ে হুমকি দিতেই বেশি আগ্রহী৷''
আজ সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে তিনি আরো বলেন, ‘‘সত্যি বলতে বাংলাদেশ কর্তৃপক্ষের এই পরস্পরবিরোধী বক্তব্য অনেক কিছুই স্পষ্ট করে দেয়৷''
ই-মেইলে পাঠানো প্রশ্নের জবাবে আবার ‘মৃত্যুঝুঁকি' সত্ত্বেও নিজের দেশে ফেরার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘দেশে ফিরলে কী ধরনের ঝুঁকির মুখে পড়তে পারি, সে বিষয়ে আমি পুরোপুরি সচেতন৷ তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি - কোনো মৃত্যুঝুঁকিই আমাকে আমার দেশ থেকে দূরে রাখতে পারবে না৷''
‘আমার বিরুদ্ধে ৬০০টিরও বেশি মিথ্যা মামলা'
বাংলাদেশে সাম্প্রতিক সময়ের পেট্রোল বোমা হামলা নিয়েও প্রশ্ন করা হয় তাকে৷ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিছু হামলার সঙ্গে তার দল (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ) আওয়ামী লীগ জড়িত৷ সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন শেখ হাসিনা৷
তিনি জানান, দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করতে ভারতের সহায়তা চাওয়ার কোনো ইচ্ছা তার নেই৷ তিনি বলেন, ‘‘প্রত্যর্পণ দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যকার বিষয়৷ ভারত তাদের নিজস্ব আইন, নীতি এবং জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে৷''
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘‘আমার বিরুদ্ধে ৬০০টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে৷''
‘বাংলাদেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি'
এ সময় আইনজীবীদের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি পাঠানোর বিষয়টিও উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘‘আমি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি৷'' ‘মৃত্যুঝুঁকি' সত্ত্বেও ফেরার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলের সভানেত্রী বলেন, ‘‘আমি মরতে চাই না৷ আমি বেঁচে থাকতে চাই এবং আমার দেশের সেবা চালিয়ে যেতে চাই৷ তবে দেশে ফেরার মূল্য যদি মৃত্যু হয়, আমি তা বরণ করে নিতে প্রস্তুত৷''
এসিবি/ জেডএইচ (এএফপি)