1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাংবাদিকের ওপর জামায়াত নেতা-কর্মীদের হামলার অভিযোগ

২৩ জুন ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে এক সাংবাদিককে মারধর করা হয়েছে। মারধরের শিকার সাংবাদিক মাহফুজুর রহমান শিশির বলেন, জামায়াতে ইসলামীর একদল নেতা–কর্মী তার ওপর হামলা চালিয়েছেন।

প্রতীকী ফাইল ফটো
ঘটনার পর জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘‘ধানমন্ডিতে ভুল–বোঝাবুঝি থেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’’ছবি: Privat/DW

জামায়াতের এক নেতা বলেন, ‘ভুল-বোঝাবুঝি' থেকে ঘটনাটি ঘটেছে৷ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেন তিনি৷

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে থেকে আজ মঙ্গলবার দলের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মিছিলের কর্মসূচির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন। এ নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হন। আওয়ামী লীগকে ঠেকাতে সংসদে প্রধান বিরোধী দল জামায়াতসহ বিভিন্ন দল কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে আজ সকাল পৌনে ৯টার দিকে সমাবেশ হয়। তখনই হামলার শিকার হন দৈনিক সকাল-এর মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। তাকে বাঁচাতে গিয়ে আরো কয়েকজন সাংবাদিকও আক্রান্ত হন বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো৷

হামলার শিকার মাহফুজুর রহমান শিশির প্রথম আলোকে বলেন, ‘‘মিছিল শেষ করে জামায়াতের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। হাজারীবাগ থানার আমির যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন টিভির ক্যামেরাম্যাররা তাদের বলছিলেন, সবাই বক্তব্য না দিয়ে মূল বক্তা যেন বক্তব্য দেন। সবাই বক্তব্য দিলে আমরা সেটি নিউজে ধরাতে পারবো না। তখন হাজারীবাগ থানার আমির বলেন, "আমরা সবাই বক্তব্য দিবো, আপনারা থাকলে থাকেন, না থাকলে নাই। আপনাদের দরকার নাই।”'

সে কথার প্রতিক্রিয়া জানানোয় তার ওপর হামলা হয় বলে জানান মাহফুজুর রহমান শিশির। তিনি বলেন, ‘‘আমি তখন প্রতিবাদ করে বলি, আপনারা এভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না। আমরা তো সাংবাদিক, আপনাদের কর্মী নই। এরপর কয়েকজন এসে আমার আইডি কার্ড চেক করে। আমি আইডি কার্ড পকেট থেকে বের করার আগেই স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে মারধর শুরু করে। এরপর আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গেলে দ্বিতীয় দফায় আমার ওপর হামলা করা হয়।''

এই সাংবাদিক জানান, এ ঘটনার পর জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন ও সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন তার খোজ নিয়েছেন এবং এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন পরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘‘ধানমন্ডিতে ভুল–বোঝাবুঝি থেকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।''

এ ঘটনা তদন্তে দলের মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোনের পরিচালক নুর নবী মানিকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল বুধবারের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এসিবি/ এসএস (প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ