1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপাকে বিজেপি

১৬ মে ২০১২

অবৈধ মাইনিং মামলার জেরে বিজেপি শাসিত কর্নাটক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি.এস ইয়েদুরাপ্পার বাসভবনে আজ তল্লাসি চালায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো৷ গ্রেপ্তারের আশঙ্কায় তিনি আগাম জামিন চান৷

Indien Opposition Proteste Korruption
ছবি: REUTERS

আকরিক লোহার অবৈধ খনন কাণ্ডের জের ধরে দক্ষিণী রাজ্য কর্নাটকের সাবেক বিজেপি মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি.এস ইয়েদুরাপ্পা আজ অথৈ জলে৷ সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বুধবার তাঁর বাসভবনে তল্লাসি চালায়৷ হানা দেয় তাঁর ছেলে ও জামাইয়ের অফিস ও বাসভবনে৷ তাঁকে গ্রেপ্তার করা হতে পারে এই আশঙ্কায়, তিনি আগাম জামিনের আবেদন করেন বিশেষ আদালতে৷

অভিযোগ, ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী থাকাকালীন নিয়ম বহির্ভূতভাবে দুটি মাইনিং কোম্পানিকে সাহায্য করেছিলেন৷ পরিবর্তে মোটা টাকা চাঁদা নেন তাঁর পরিবার-পরিচালিত এক এনজিও'র জন্য৷ এছাড়া সরকারি জমি আত্মসাতের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে৷ এই জোড়া কেলেঙ্কারির জেরে এবং বিজেপি নেতৃত্বের চাপে তিনি গত বছর মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হন৷

ইয়েদুরাপ্পার ভালো দিনের ছবিছবি: AP

মনমোহন সিং'এর কংগ্রেস-জোট সরকারের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে লাগাতার দুর্নীতির অভিযোগ করে চলেছে প্রধান বিরোধী দল বিজেপি৷ এতে মনমোহন সিং সরকারের পায়ের জমি আজ আলগা৷ এর মোকাবিলা করার দিশা খুঁজে পাচ্ছিল না৷ বিশেষ করে টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারির পর৷ জোট সরকারের সাবেক টেলিকমমন্ত্রী এ.রাজা এবং ডিএমকে সাংসদ কানিমোড়িকে এজন্য জেলে যেতে হয়৷ এ.রাজা ১৫ মাস জেল খাটার পর গতকাল জামিন পান৷ কানিমোড়ি পান তার আগেই৷

এবার কংগ্রেস ও বিজেপি'র শোধবোধের পালা দুর্নীতি ইস্যুতে৷ বলা বাহুল্য, কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি'র আক্রমণের ধার অনেকটা ভোঁতা করে দিল ইয়েদুরাপ্পা৷ গতকাল তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেবার ইঙ্গিত দিলে, বিজেপি'র ধারণা কংগ্রেস ইয়েদুরাপ্পাকে দিয়ে বিজেপি'তে ভাঙ্গন ধরাবার চেষ্টা করছে৷ কর্নাটকে বিজেপি সরকারের পতন ঘটিয়ে নতুন নির্বাচনের ডাক দেবে কংগ্রেস, এমনটাই মনে করছে দিল্লির রাজনৈতিক মহল৷ অন্যদিকে, বিজেপি'র প্রচার হবে দুর্নীতির প্রশ্নে দল ইয়েদুরাপ্পাকে তাড়িয়েছে৷ উল্লেখ্য, ইয়েদুরাপ্পার পেছনে আছে কর্নাটকের শক্তিশালি লিঙ্গায়েত সম্প্রদায়৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য