ফাঁসির আসামির মৃত দেহ থেকে নেয়া হয় অঙ্গ প্রত্যঙ্গ
২৭ আগস্ট ২০০৯
আর এই কথার সত্যতা মিললো চীনা স্বাস্থ্য বিষয়ক সহকারি মন্ত্রী হুয়াং জিউফুর বক্তব্যে৷ তিনি জানালেন, সরকার দীর্ঘদিন যাবত অসুস্থ মানুষের জন্য প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করতে কারাগারে ফাঁসিতে হওয়া মৃতদেহগুলোর উপর নির্ভরশীল৷ তিনি বলেন, অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহের জন্য এটা কার্যকর উৎস নয়৷ সরকার এখন এই ব্যবস্থা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসার চেষ্টা করছে৷ চীনে প্রতি বছর আট হাজার লোককে ফাঁসি দেয়া হয়৷
চীনা পত্রিকা চায়না ডেইলির এক সংবাদে বলা হয়েছে, প্রায় ১০ লাখ অসুস্থ মানুষের দেহে অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা প্রয়োজন৷ কিন্তু প্রতি বছর এই চাহিদার মধ্য থেকে যোগান পাওয়া যাচ্ছে মাত্র এক শতাংশের৷
স্বাস্থ্য মন্ত্রণালয় চীনা রেডক্রসের মাধ্যমে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ দানের একটি জাতীয় স্কিম চালু করেছে এই সপ্তাহেই৷ একই সঙ্গে এই স্কিমের অন্য লক্ষ্য হচ্ছে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচার বন্ধ করা৷ ২০০৩ সালের পর থেকে এ পর্যন্ত মাত্র ১৩০ জন সরকারি স্কিমে অঙ্গ-প্রত্যঙ্গ দানের জন্য রাজি হয়েছে৷ ইন্সটিটিউট অফ অগার্ন ট্রান্সপ্লান্টেশনের কর্ককর্তা চেন ঝংগুয়ার বরাত দিয়ে চায়না ডেইলি জানিয়েছে এই তথ্য৷
এ বিষয়ে সহকারি স্বাস্থ্য মন্ত্রীর বক্তব্য হল জনস্বার্থে এই ব্যবস্থা করা হয়েছে৷ যেখানে মানুষ সামাজিক প্রতিপত্তি বা সম্পদশালী নয়, সকলেই তাদের প্রয়োজনীয় অঙ্গ-প্রত্যঙ্গ ন্যায্য ভাবে বরাদ্দ পেতে পারবে৷
এ ক্ষেত্রে সরকারের বর্তমান ব্যবস্থা নিয়ে বেশ সমালোচনা থাকলেও তিনি বলেন, প্রতিস্থাপনের সুবিধা কেবল ধনীদেরই জন্য... তা হতে পারে না৷ চীনা মন্ত্রীর বরাত দিয়ে জানা গেলো অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ এবং প্রতিস্থাপনের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে অনেক হাসপাতাল৷ তারা এই কাজ করে মোটা অংক হাতিয়ে নিচ্ছে৷ দেখা যাচ্ছে, সেখানে অঙ্গ প্রত্যঙ্গ দাতারা রোগীর আত্মীয় স্বজনের মিথ্যা পরিচয়ে টাকার বিনিময়ে তা বিক্রি করছে৷ যদিও চীনে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ৷ ২০০৬ সালে আরোপ করা হয় এই নিষেধাজ্ঞা৷
প্রতিবেদক: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক