ফিরিয়ে দাও সমুদ্র!
৯ অক্টোবর ২০০৯
নেদারল্যান্ডস, যাকে আমরা চিনি হল্যান্ড নামে, সেই দেশের ভূগোলটা কিন্তু অন্যান্য দেশ থেকে একটু অন্যরকম৷ ইউরোপের এই দেশটির বেশিরভাগ স্থল অংশ সমুদ্র থেকে পুনরুদ্ধার করা হয়েছে৷ সমুদ্র উপকূলে মনুষ্য-নির্মিত বাঁধ এই নিম্নভূমিগুলিকে প্লাবনের হাত থেকে রক্ষা করছে৷
নেদারল্যান্ডসের ভূ-প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা যায়৷ উত্তর ও পশ্চিমের নিম্ন ও সমতল ভূমিগুলি সমুদ্র থেকে পুনরুদ্ধারকৃত পোল্ডার এবং নদীসমূহের ব-দ্বীপ নিয়ে গঠিত৷ এগুলি নেদারল্যান্ডস-এর মোট আয়তনের প্রায় অর্ধেক এবং সমুদ্র স্তর থেকে গড়ে ১ মিটারের বেশি উঁচু নয়৷ সমুদ্রে প্রাচীর তুলে এগুলিকে রক্ষা করা হয়েছে৷ পূর্ব ও দক্ষিণে আছে উচ্চভূমি, কিন্তু এগুলিও মূলত সমতল৷
নেদারল্যান্ডস সরকার সম্প্রতি জানিয়েছে সেই পরিকল্পনার কথা, নতুন এই পরিকল্পনায় সমুদ্রের কাছে থেকে ধার নিয়ে ভূমিতে রূপ দেয়া নিচু একটি এলাকা আবার তারা ফিরিয়ে দেবেন সমুদ্রকেই৷ নিইউভ-নামেন নামের ঐ এলাকার জমির ওপর আবারও প্লাবন বইয়ে দেয়া হবে৷ সমস্যা বেঁধেছে ঐ এলাকার কৃষকদের নিয়ে৷ এই ভূমিতে শত বছর ধরে চাষাবাদ করতো কৃষকরা৷ এদেরই একজন ইভাল্ড ব্যেকে৷ ৬৬ বছর বয়স তাঁর৷ এই কৃষিজীবী জানালেন, দেখো কি সুন্দর এই এলাকা, কেউ একে ধ্বংস করতে পারে না৷ এখানকার খালগুলোর পাশে থাকা গুল্ম বিশিষ্ট ঋজু গাছপালা বছরের পর বছর ধরে বিভিন্ন ফসল যেমন বিট, আলু এবং পেঁয়াজের ফসল উৎপাদনে সহায়তা করছে৷ কিন্তু প্লাবন হলে ঐ সব গাছের বেঁচে থাকার সম্ভাবনা নেই, আর মাটিও হয়ে যাবে লবণাক্ত৷ দক্ষিণ পশ্চিম নেদারল্যান্ডসের ঐ এলাকায় কৃষিকাজ করছে অন্তত দুই ডজন কৃষক৷
গত শুক্রবার সরকার তাদের নতুন এই পরিকল্পনার কথা ঘোষণা করে৷ প্লাবনের এই পরিকল্পনার বিষয়ে সরকারের যুক্তি, তারা প্রকৃতিকে নিজস্ব গতিতে চলতে দিতে চান৷ তাছাড়া বিভিন্ন সময়ে সমুদ্রকে গলা টিপে ধরে যে ভূমি উদ্ধার করা হয়েছে, তার একটু প্রায়শ্চিত্ত করতে চান তারা৷ তবে জানা যাচ্ছে, ২০০৫ সালে প্রতিবেশী বেলজিয়ামের সঙ্গে চুক্তি অনুসারে তাদের বন্দরে আসা যাওয়া করা জাহাজগুলোর চলাচলের সুবিধার জন্য নেদারল্যান্ডস-এর কিছু পোল্ডারে প্লাবন বইয়ে দেবার কথা বলা হয়েছিল৷
সেখানকার মানুষের কথা, আমরা সমুদ্রের সঙ্গে যুদ্ধ করেছি, আমরা জয়ী হয়েছি৷ কিন্তু এখন আমাদের এই জমি আবার সমুদ্রকে ফিরিয়ে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে৷ আর তা আমাদের লাভের জন্য করা হচ্ছে না৷ করা হচ্ছে, অন্য দেশের লাভের জন্য৷
মাগডা দ্য ফেইটার নামক একটি সংগঠনের দাবি, পুনরায় সমুদ্র, পুনরায় বন্যা.. এ সব কিছু মানুষকে ভীতির মধ্যে ফেলে দেবে৷ তাদের দাবি, পোল্ডার রক্ষা কর৷
প্রতিবেদক: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক