1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
মানবাধিকারফ্রান্স

ফ্রান্সে পুলিশের বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ

৬ অক্টোবর ২০২৬

লেখাপড়ার পরিবেশ ও সুযোগ-সুবিধার উন্নতিদের দাবিতে ফ্রান্স জুড়ে দুই সপ্তাহ ধরে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ৷ আজ মঙ্গলবার সে দেশের শ্রমিক ইউনিয়নগুলোও বিক্ষোভে যোগ দেয়৷

প্যারিসে বিক্ষোভের সময় পুলিশের দিকে আতশবাজি ছুড়ছে এক বিক্ষোভকারী
বিক্ষোভ চলার সময় ১৪ বছর বয়সি এক কিশোর প্রায় সব দাঁত হারিয়েছে, ১৫ বছর বয়সি এক কিশোর হারিয়েছে তার হাত এবং ১৬ বছর বয়সি এক কিশোর ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে৷ছবি: Luc Auffret/REUTERS

আজ মঙ্গলবার সে দেশের শ্রমিক ইউনিয়নগুলোও বিক্ষোভে যোগ দেয়৷

সাম্প্রতিক সময়ে ফ্রান্সেঅর্থনৈতিক সংকট তীব্রতর হয়েছে৷ অর্থসংকটের কারণে নানা খাতে নতুন কর্মী নিয়োগ দিতে পারছে না সরকার৷ এর ফলে শিক্ষাঙ্গনেও দেখা দিয়েছে শিক্ষক ও কর্মী-স্বল্পতা৷ পর্যাপ্ত শ্রেণিকক্ষও নেই, জরাজীর্ণ অনেক ভবন৷ তাই শিক্ষাঙ্গনের সার্বিক পরিস্থিতির উন্নয়নের দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা৷

প্যারিসের সুবিধাবঞ্চিত শহরতলিতে শুরু হলেও দ্রুতই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে৷ গত দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ কিছু ক্ষেত্রে সহিংস রূপ নেয়৷ তাই আজ মঙ্গলবারের দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে দাঙ্গা-বিরোধী পুলিশ মোতায়েন করা হয়৷

বিক্ষোভের সময় আজও ব্যাপক ধরপাকড় ও সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ সংঘর্ষে শিক্ষার্থী, পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন বলেও জানা গেছে৷

ফ্রান্সের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভ শুরুর পর থেকে সারা দেশে এ পর্যন্ত পাঁচ হাজার ৬০ জনকে আটক করা হয়েছে৷ আটককৃতদের মধ্যে প্রায় ৮৭ শতাংশই অপ্রাপ্তবয়স্ক৷ছবি: Raphael Lafargue/abaca/picture alliance

পুলিশের বিরুদ্ধে অভিযোগ

ফ্রান্সের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভ শুরুর পর থেকে সারা দেশে এ পর্যন্ত পাঁচ হাজার ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ আটককৃতদের মধ্যে প্রায় ৮৭ শতাংশই অপ্রাপ্তবয়স্ক৷

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১,৮০০-রও বেশি মানুষের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ১,৪৮৩ জন অপ্রাপ্তবয়স্ক৷

শ্রমিক ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় শিশুদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে পুলিশ৷ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, নিষ্ঠুরতার অভিযোগের বিষয়ে ১০টি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পুলিশ৷

উল্লেখ্য, বিক্ষোভ চলার সময় ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লেন্স-এ ১৫ বছর বয়সি এক কিশোর তার হাত হারিয়েছে৷ এছাড়া মধ্যাঞ্চলীয় শহর ট্যুরস-এ মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে ১৬ বছর বয়সি এক কিশোর ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে৷ প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলের সাঁ-উয়াঁ-লোমোনে প্রায় সবগুলো দাঁত হারিয়েছে ১৪ বছর বয়সি এক কিশোর৷ এক পুলিশ কর্মকর্তার ছোঁড়া প্রজেক্টাইল ওই কিশোরের মুখে আঘাত করেছিল বলে ধারণা করা হচ্ছে৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ