বন্যা-খরা সহিষ্ণু ধান উদ্ভাবন
২২ জুন ২০০৯
ধানটির উদ্ভাবক ৪৩ বছর বয়সী জার্মান অনুজীব বিজ্ঞানী জিগরিদ হয়্যার৷ ফিলিপাইনস-এ অবস্থিত আর্ন্তজাতিক ধান গবেষণা সংস্থা ইরির ২০ বছরের প্রচেষ্টার ফল বলা হচ্ছে নতুন জাতের এই ধানকে৷ ইতোমধ্যে ফিলিপাইনস ও ভারতের কিছু অংশে এই ধান চাষের অনুমোদনও দেয়া হয়েছে৷
ফিলিপাইনস-এর লস বানোসে ইরি কার্যালয়ের বাইরে এধানের চাষ প্রকল্প৷ রাজধানী ম্যানিলা থেকে দক্ষিণ-পূর্বে দুই ঘন্টার গাড়িপথ৷ প্রায় একশ বর্গ মিটার এলাকা জুড়ে ধানের চাষ হয়েছে৷
হয়্যার প্রায় সময়ই চোখ রাখেন তার প্রকল্পের জমিতে৷ জার্মান বার্তা সংস্থা ডিপিএকে তিনি জানান, দুই সপ্তাহের জন্য তারা ধানগুলোকে বন্যার জলের মতো ডুবিয়ে রেখে পরিবর্তন লক্ষ্য করেছেন৷ তাতে দেখা যায়, অনেক জমিতে ধান না ফললেও বন্যা সহিষ্ণু একটি জাত বেশ ভালোভাবেই টিকে গেছে৷
হয়্যার বলছেন, তারা ফলনের পুরোনো কায়দার সঙ্গে নতুন প্রযুক্তির সম্মিলন ঘটিয়েছেন৷ ভারতীয় একটি বিশেষ জাতের বন্যা সহিষ্ণু জিনবাহী একটি প্রজাতির সন্ধান মিললে তারা সেটি আলাদা করে তার সঙ্গে ইরি উদ্ভাবিত উচ্চ ফলনশীল আইআরসিক্সফোর এর নিষেক ঘটান৷ পরে ডিএনএ বিশ্লেষণ করে বন্যা সহিষ্ণু প্রজাতির জিন আছে কিনা তা পরীক্ষা করেন৷ সাব ওয়ান নাম দেওয়া নতুন জাত দুর্গত লাখো কোটি কৃষকের সাহায্যে আসবে বলে আশা করছেন হয়্যার৷
তবে ইরি এখনো নতুন জাতের পেটেন্টের জন্য নিবন্ধন করেনি৷
প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক