বাংলাদেশে আদমশুমারি
১৭ জুলাই ২০১২
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার৷
আদমশুমারির ফল প্রকাশে তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া সম্পর্কে ড. নবী বললেন, এবারকার সেনসাস অন্যান্য আগের বারের চেয়ে গুণগতভাবে উন্নত, এই কারণে যে, যে বৈজ্ঞানিক পদ্ধতি এবং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা অন্যান্যবারের তুলনায় অনেক ত্রুটিমুক্ত৷ এবং এক বছর তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট, এটা বিবিএস'এর জন্য একটা কৃতিত্বের বিষয় বলে তিনি মনে করেন৷
১৯৭৪'এর প্রথম আদমশুমারি যাবৎ এ'পর্যন্ত দেশের জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে৷ জনসংখ্যা বৃদ্ধির এই গতি এবং হার সম্পর্কে ড. নবী বলেন, চুয়াত্তরে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৪৮; পরের সেনসাসে ২ দশমিক ৩২, তারপরে ২ দশমিক ১২৷ এ'ভাবে কমতে কমতে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ১ দশমিক ৩৭৷ কিন্তু আগের উচ্চ বৃদ্ধির হারের ফলে বুনিয়াদটা অনেক প্রশস্ত হয়ে যাওয়ার ফলে দেশের জনসংখ্যার আকারটা অনেক বেড়ে গেছে৷ এবং বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র আয়তন সম্পন্ন দেশে সেটার মোকাবিলা করা খুব কঠিন৷ যে কারণে সঠিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি, বলে অধ্যাপক নবী মত প্রকাশ করেন৷
জনসংখ্যা আর কতো বাড়তে পারে, এ' প্রশ্নের জবাবে ড. নবী বলেন, ‘‘জনসংখ্যা আরো বাড়বে৷ এই কারণে বাড়বে যে, প্রতিস্থাপনযোগ্য মাত্রায় পৌঁছনোর জন্য নির্ধারিত লক্ষ্য হল প্রতিটি নারীকে ২ দশমিক ২টি সন্তানের জন্ম দিতে হবে, যা এখন ২ দশমিক ৩৷ ২০১৫ সালের মধ্যে সে লক্ষ্য অর্জিত হলেও জনসংখ্যার কাঠামোর মধ্যে যে গতিশীলতা রয়েছে, সেই গতিশীলতাই জনসংখ্যাকে আরো দ্রুতভাবে টেনে নিয়ে যাবে৷ বর্তমান হারে জনসংখ্যায় স্থিতিশীলতা আসতে ২০৮১ সাল অবধি চলে যাবে৷ ততোদিনে হয়তো দেশের জনসংখ্যা ২৫ কোটি হয়ে যাবে৷''
এই গতিশীলতার রাশ টেনে ধরার জন্য মেয়েদের বিয়ের বয়স বাড়ানো, বিবাহের পর প্রথম সন্তানের জন্মের জন্য পাঁচ বছর অপেক্ষা করা, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও বিলম্ব করা ইত্যাদি প্রস্তাবের পুনরাবৃত্তি করেন ড. নবী৷ এবং ২ দশমিক ২ সন্তানের কাঙ্খিত পরিবার সৃষ্টির পর সন্তানের জন্ম বন্ধ করতে হবে৷
সাক্ষাৎকার: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: সঞ্জীব বর্মন