বেসলান আজও অশ্রুভারাক্রান্ত
২ সেপ্টেম্বর ২০০৯
বেসলানের ৩৩৮ টি হতভাগ্য পরিবারের সদস্যরা বস্তুত আজও ভুলতে পারেন নি ওই আতঙ্ক আর যন্ত্রণায় ভরা দিনগুলিকে৷ পেরিয়ে গেছে দীর্ঘ পাঁচটি বছর৷ গ্রীষ্মের ছুটির পর স্কুলে যোগ দিতে যাওয়া হতভাগ্য শিশুরা, তাদের মা- বাবারা, যারা সেই ২০০৪ সালের চেচেন জঙ্গি হামলায় নিহত হয়েছিল, তাদের হতভাগ্য পরিবারগুলি তো বটেই, সেদিনের হামলায় যারা আহত হয়েছিল, সেই কয়েক ডজন শিশুদের অনেকেই পঙ্গু জীবন কাটাচ্ছে৷ বাকি জীবনটাও তাদের কাটাতে হবে এই অভিশাপ বহন করে৷
ইসলামপন্থী চেচেন বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা দখল করে নিয়েছিল বেসলানের একটি স্কুল৷ সশস্ত্র জঙ্গিদের হাতে পণবন্দী হয়ে পড়ে গরমের ছুটি কাটিয়ে স্কুলে ফিরে আসা কয়েকশো শিশু, তাদের মা বাবা, শিক্ষক শিক্ষিকারাও৷ এরপর আতঙ্কে আর অস্থিরতায় তিনদিন কেটে যায়৷ অবশেষে আসরে নামে রুশ সেনাবাহিনী৷ জঙ্গিদের দমন করতে তারা স্কুলের দখল নিতে চেষ্টা করলে আত্মহননের রক্তাক্ত পথ বেছে নেয় জঙ্গিরা৷ মৃত্যু হয় ১৮৬ জন শিশু সহ মোট ৩৩৮ জনের৷
পুলিশের কাছে এই জঙ্গি হামলার আগাম খবর ছিল বলে শোনা গেছে৷ বেসলান এলাকায় কোন জনবহুল সাধারণ জায়গায় যে চেচেন বিচ্ছিন্নতাবাদীরা সাধারণ মানুষকে পণবন্দী করে তাদের রাজনৈতিক দাবি দাওয়া আদায়ের চেষ্টা করার ষড়যন্ত্র করছে, এমন খবর নাকি ছিল৷ কিন্তু, অতি আত্মবিশ্বাসী পুলিশ সেই সতর্কতাকে পাত্তা দেয়নি৷
তারপর যা হওয়ার তা হয়েছে৷ এমনকি রুশ সেনাবাহিনীর আগ্রাসী ভূমিকা নিয়েও অনেক অভিযোগ রয়েছে ক্ষতিগ্রস্তদের পরিবারবর্গের৷ কিন্তু, কোন কিনারা হয়নি কোন অভিযোগেরই৷ স্মরণসভায় আবারও শোনা গেছে এইসব অভিযোগের কথা৷ মর্মান্তিক শিশুঘাতী ওই হামলায় যোগ দেওয়া জঙ্গিদের মধ্যে মাত্র একজনকে জীবিত গ্রেপ্তার করা গিয়েছিল৷ তার যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছে৷ গত পাঁচ বছরে বেসলানের করুণ সন্ত্রাসের এইটুকুই সমাধানসূত্র৷
স্থানীয় কবরখানায় কিন্তু আজও অপেক্ষায় রয়েছে কচি কচি মুখগুলোর ছবি দেওয়া ছোট্ট ছোট্ট কবরের সারি৷ যে দুর্ভাগা ছেলেমেয়েরা সেদিন ওই স্কুলটাতে শেষ নিঃশ্বাস ফেলেছে৷ যাদের রক্তে ভিজে গিয়েছে সন্ত্রাস বিদ্ধস্ত বিদ্যালয়ের মাটি৷ যাদের করুণ অসহায় মৃত্যু আর্তনাদ শুনেছে বোমা বন্দুকে বিদীর্ণ দেওয়ালগুলি৷
বেসলানের সেই স্কুলভবনটা ভেঙে ফেলে নতুন স্কুল হয়েছে৷ সবকিছুই নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে৷ কিন্তু, সেই সন্ত্রাসের আতঙ্ক, সেই অকারণ রক্তপাতের স্মৃতি কচি কচি মাথা থেকে, চোখ থেকে আজও মুছে যায়নি৷
সন্ত্রাস আসলে শুধু যন্ত্রণা আর অশ্রু ছাড়া অন্য কিছুই দিতে পারে না৷
প্রতিবেদক: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: রিয়াজুল ইসলাম