মানবেতিহাসের কলঙ্কময় অতীত যেন আর ফিরে না আসে
২ সেপ্টেম্বর ২০০৯
মানুষের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায়টি আমরা পেরিয়ে এসেছি সত্তর বছর হল৷ আজও কিন্তু অনেক পরিবার, অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতার মধ্যে জ্ঞাত বা অজ্ঞাতসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা প্রচ্ছন্নভাবে রয়ে গেছে৷ মঙ্গলবার পোল্যান্ডের গডান্সক শহরের কাছে ওয়েস্টারপ্ল্যাটেতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্তর বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে এসে তাঁর আবেগকে গোপন করেন নি৷ সেই ভয়ংকর অন্ধকারাচ্ছন্ন দিনটিতে, সেই ১৯৩৯ সালের পয়লা সেপ্টেম্বর, যেদিন হিটলারের নাৎসি বাহিনী পোল্যান্ডের ওপর অন্যায়ভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিনের সেই অবর্ণনীয় ইতিহাসের কথা স্মরণ করতে গিয়ে ম্যার্কেল বলেছেন, আজ জার্মান চ্যান্সেলর হিসাবে সেদিনের অগণিত পোল্যান্ডবাসীর নারকীয় যন্ত্রণার জন্য আমি কষ্টবোধ করছি৷ শ্রদ্ধা জানাচ্ছি তাঁদের, অন্যায়ভাবে সেদিন পোল্যান্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে জার্মান বাহিনী যাঁদের মৃত্যুর কারণ হয়ে উঠেছিল৷
সেদিনের ট্রাজেডি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামগ্রিক ট্রাজেডির অভিজ্ঞতা কোনদিনই ভুলে যাওয়া উচিত নয় মানবজাতির৷ নিজের বক্তৃতায় বলেছেন রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন৷ বলেছেন, এই ঘটনা যাতে আবারও কোনভাবে পুনরাবৃত্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখা প্রয়োজন৷ তবে সেদিনের কম্যুনিস্ট রাশিয়া বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার স্ট্যালিনের শাসনাধীন সোভিয়েত ইউনিয়ন নাৎসিদের সঙ্গে হাত মেলানোর যেসব তথ্য পরে প্রকাশিত হয়েছে, সেইসব বিতর্কিত বিষয়গুলির কথা স্বীকার করে নিয়েছেন পুটিন৷ বলেছেন, সেদিনের রুশ পার্লামেন্ট মলোটভ- রিবেনট্রপ চুক্তির মাধ্যমে যেভাবে নাৎসিদের সঙ্গে হাত মিলিয়েছিল, তা ছিল অযৌক্তিক৷ পরবর্তীতে রুশ সংসদ এই চুক্তির নিন্দা করেছে৷ রুশ প্রধানমন্ত্রীর বক্তব্যে তাঁর স্বদেশের ভুল সিদ্ধান্তের স্বীকারোক্তি এবং নিন্দার পাশাপাশি কিন্তু আরও শোনা গেছে, সেদিনের নাত্সি জার্মানির সঙ্গে অন্য যে সমস্ত ইউরোপীয় দেশ হাত মিলিয়েছিল তাদের সমালোচনাও৷
১৯৩৯ সালের পয়লা সেপ্টেম্বর পোল্যান্ডের ওপর সেনা আগ্রাসনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করেছিল জার্মানি৷ আর পোল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার গোপন চুক্তিতে হাত মেলানো অ্যাডল্ফ হিটলারের সঙ্গী সেদিনের রুশ শাসক স্ট্যালিনের বলশেভিক বাহিনী পোল্যান্ডের পূর্বাঞ্চলে সেনা আগ্রাসন চালায় মাত্র তিন সপ্তাহের মধ্যেই৷ সেই দুর্দিনের কথা স্মরণ করে পোল্যান্ডের প্রেসিডেন্ট লেখ কাচিন্সকি মঙ্গলবার বলেন, সেদিনের বলশেভিক হামলা ছিল পোল্যান্ডকে রাশিয়ার তরফে পিছন থেকে ছুরিকাঘাত৷
মঙ্গলবারের স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের অন্তত বিশজন শীর্ষনেতা৷ ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাসোঁয়া ফিলঁ পোল্যান্ডের সাহসী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে জানান, স্বদেশের সম্মান রক্ষার্থে পোল্যান্ডের যেসব মানুষ গোপন গেরিলাবাহিনী গঠন করেছিলেন নাৎসিদের রুখতে, তাঁদের সাহস আর বীরত্বের কাহিনী আজও অভিভূত করার মত৷
সেই অন্ধকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কভরা দিনগুলি শেষ হয়েছে৷ মানবেতিহাসের সেই কলঙ্কময় অধ্যায়ের শেষে আজকের আধুনিক ইউরোপে সেই দুর্দিনের করাল ছায়াপাত আর নেই৷ রয়ে গেছে যন্ত্রণাময় স্মৃতি আর গভীর ক্ষতচিহ্ন৷ সেজন্যই প্রণিধানযোগ্য মনে হয় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের উক্তি৷ ম্যার্কেল বলেছেন, বিশ্বযুদ্ধের সমাপ্তির পর একটা অলৌকিক ঘটনা ঘটেছে৷ কারণ তারপর থেকে ইউরোপ হয়ে উঠেছে অনন্ত শান্তি আর স্বাধীনতার এক আশ্চর্য মহাদেশ৷
প্রত্যাশা থাকুক চ্যান্সেলর ম্যার্কেলের এই উক্তি বিরাজ করুক চিরন্তন সত্য হয়ে৷ শুধু ইউরোপের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: রিয়াজুল ইসলাম