1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টে জেরার মুখে শাহরুখ খান

১৬ আগস্ট ২০০৯

যুক্তরাষ্ট্রের একটি এয়ারপোর্টে আটকে দেয়া হয়েছিল বলিউড তারকা শাহরুখ খানকে৷ তিনি সেখানে ছিলেন নিরাপত্তা কর্মকর্তাদের জেরার মুখে৷ এ নিয়ে ক্ষুব্ধ তাঁর অনুরাগীরা৷ ভারত সরকারও এ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে৷

Shah Rukh Khan
শাহরুখ খানছবি: Monika Jones

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার প্যারেড অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নিউজার্সি থেকে শিকাগো যাচ্ছিলেন এ সময়ের শ্রেষ্ঠ অভিনেতা শাহরুখ খান৷ মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগোর নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ঘটনা ঘটে৷ এ বিষয়ে শনিবার মার্কিন কাষ্টমস এন্ড বর্ডার প্রটেকশান বিভাগের কর্মকর্তা কেভিন করসারো বার্তা সংস্থা এ এফ পি কে এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া৷ তিনি বলেন, খান নিজের ব্যাগেজ হারিয়ে ফেলার পর তার ফ্লাইটের নম্বর বলতে না পারার কারণে এই সমস্যার সূত্রপাত৷ তিনি বলেন, এক ঘন্টার কিছু বেশি সময় তার সাথে নিরাপত্তা কর্মকর্তারা কথা বলেছেন৷ যদিও পিটিআই জানিয়েছে, কিং খানকে ২ ঘন্টার মতো জেরা করা হয়৷

যা বললেন কিং খান

শাহরুখ খান ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে ছাড়া পেয়েই টেলিফোনে ভারতীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বলেন, এই ঘটনায় আমি কিছুটা অপমানিত৷ তিনি জানান, তিনি তার ব্যাগেজের জন্য অপেক্ষা করছিলেন৷ এ সময়ে ইমিগ্রেশন পুলিশ তার কাছে আসে এবং তার সঙ্গে কথা বলার জন্য, তাকে অন্য একটি কক্ষে নিয়ে যায়৷ সেখানে তার পাসপোর্ট এবং কাগজপত্র দিতে বলা হয়৷ ঘন্টা খানেক জেরা শেষে তাকে ফোন করার অনুমতি দেওয়া হয়৷ তখন ভারতীয় কনস্যুলেটে যোগাযোগ করলে তারা তাকে ছাড়ানোর ব্যবস্থা করেন৷

ছবি: AP

ক্ষুব্ধ সমর্থকরা

এ ঘটনায় শাহরুখ খান সমর্থকরা দারুণভাবে ক্ষুব্ধ৷ বলিউডে শাহরুখের সহকর্মীরাও এর তীব্র প্রতিবাদ করেছেন৷ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিমোথি জে রোয়েমার শাহরুখকে গ্লোবাল আইকন অভিহিত করে বলেছেন, যুক্তরাষ্ট্রে সব সময়েই তিনি সম্মানিত অতিথি৷ অনেক আমেরিকান তাঁর ছবি পছন্দ করে৷ নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে৷ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবারই বিষয়টি মার্কিন সরকারের গোচরে আনে৷ পরে পররাষ্ট্র সচিব নিরুপমা রাও বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে৷

মাই নেম ইজ খান

এবারে যুক্তরাষ্ট্রে প্রায় এক মাস ধরে আছেন শাহরুখ৷ কারণ মাই নেম ইজ খান ছবির সুটিং৷ পটভূমি তো যুক্তরাষ্ট্র! আগামী বছরের শুরুতে বাজারে আসবে শাহরুখ কাজল অভিনীত ছবি মাই নেম ইজ খান৷ একদম অন্য ধরনের সিনেমা এটি৷ আর এবার তার যুক্তরাষ্ট্র সফর এই ছবির জন্যই৷ ২০০১ সালে আমেরিকায় জঙ্গি হানা হওয়ার পর একজন মুসলিম যুবক কি সমস্যায় পড়েছিল তার প্রেক্ষাপটে ছবির গল্প৷ শনিবারের এই ঘটনার সঙ্গে খুবই মিলে গেলো ছবির ঘটনা৷ প্রসঙ্গত ছবিতে এক মুসলিম যুবকের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ৷ মাই নেম ইজ খানের স্বত্বও কিন্তু মার্কিন প্রতিষ্ঠানের, হলিউডের ফিলম ডিসট্রিবিউশন কোম্পানী ফক্স স্টার স্টুডিও৷

প্রতিবেদক: সাগর সরওয়ার,সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ