পুলিশ বাহিনীর সদস্যদের জন্য বালিশের ডাবল কাভারসহ এক লাখ বিছানার চাদর কিনতেই কি আইজিপি-সহ তিন কর্মকর্তার জার্মানি সফর? এ নিয়ে আলোচনা চলছে সর্বত্র৷ এই সফর নিয়ে ব্যাখ্যা দিয়েছেন পুলিশ সদর দপ্তরের এক মুখপাত্র৷
এই মাসেই আইজিপি ড. বেনজীর আহমেদের জার্মানি সফরের কথা রয়েছে ছবি: bdnews24.com
বিজ্ঞাপন
‘ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্ট’ করতে কর্মকর্তারা জার্মানি সফরে যাচ্ছেন বলে পুলিশের মুখপাত্র, সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান জানিয়েছেন৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দেশীয় ঠিকাদারের মাধ্যমে কেনা হলেও রং জার্মানি থেকে আসবে৷
জার্মানির যে প্রতিষ্ঠান থেকে এসব আনা হবে তার গ্রহণযোগ্যতা ও মান যাচাই করতে আইজিপি ড. বেনজীর আহমেদের জার্মানি যাওয়ার কথা রয়েছে এই মাসেই৷ তার দুই সফরসঙ্গী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. ফিরোজ উদ্দিন খালিফা এবং পুলিশ সদর দপ্তরের এসপি ও আইজিপির স্টাফ অফিসার মোহাম্মদ মাসুদ আলম৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭ ফেব্রুয়ারি এই সফর নিয়ে আদেশ দেওয়ার পরই সামাজিক মাধ্যমে আলোচনা চলছে৷
পরিদর্শনের সব খরচ ‘আয়োজক’ নিজে দেবেন এবং বাংলাদেশ সরকারের এর সঙ্গে কোনো আর্থিক যোগ নেই, এ কথাও স্পষ্ট করে বলা হয়েছিল ওই আদেশে৷ তবে এরপরই প্রশ্ন ওঠে পুলিশের জন্য বিছানার চাদর ‘কিনতে’ জার্মান সফর?
জানানো হয়, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে তারা জার্মানিতে যাবেন৷ জার্মানিতে মোট নয় দিন থাকার কথা রয়েছে তাদের৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মাহবুবুল আলম মজুমদারের সই করা চিঠিতে তিন কর্মকর্তার সফরের কথা জানা গিয়েছে৷
বাংলাদেশের বস্ত্র ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ সারা পৃথিবীতে যায়৷ তাই জার্মানি থেকে বিছানার চাদর ‘কিনতে যাওয়ার’ কথা জেনে পোশাক রপ্তানিকারকরাও অবাক হয়েছিলেন৷
বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন সোহেলের বক্তব্য, ‘‘জার্মান চ্যান্সেলরও আমাদের তৈরি বিছানার চাদরে ঘুমান, খোঁজ নিলে জানা যাবে এমনটাই৷’’
তার কথায়, আলদি থেকে শুরু করে জার্মানির সব সুপারমার্কেটে বাংলাদেশে তৈরির কাপড়জামা বিক্রি হয়৷ জার্মানির যে কোনো বড় দোকানে ‘মেইড ইন বাংলাদেশ’ জিনিসপত্র মেলে৷ বাংলাদেশের তৈরি পণ্য সারা ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে যায়৷ টপ ব্র্যান্ডগুলো তাদের জিনিস বিক্রি করে৷
পুলিশ সদর দপ্তরের এআইজির দাবি, জার্মানি থেকে কেনার বিষয়টির ভুল ব্যাখ্যা হচ্ছে৷ তিনি জানান, এক লাখ বিছানার চাদর ও বালিশের কাভারের বরাত পেয়েছে বাংলাদেশের একটি সংস্থা৷ গত অক্টোবরে টেন্ডারের সময় বলা হয়েছিল, ডাই (রং) হিসেবে তারা ‘ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কেমিকেল’ ব্যবহার করবে৷ দেশীয় সেই সংস্থা রং নেবে জার্মানির সংস্থার থেকে৷ ‘ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্ট’ চলমান প্রক্রিয়া৷ তাই আইজিপি মহোদয় জার্মানি যাবেন৷
শাহাদাত হোসেন এই প্রসঙ্গে বলেন, জার্মানি বা ইউরোপ থেকে রং আনা হয়৷এই অর্ডারের ক্ষেত্রেও তেমন কিছু হচ্ছে হয়তো৷ তবে সেক্ষেত্রে সরকারি চিঠির (আদেশের) ভাষাটা কেন ওরকম- তা তিনি জানেন না৷
পুলিশ সদর দপ্তরের এআইজি যদিও স্পষ্ট করেন, সফরের খরচ বহন করছে দেশীয় ঠিকাদার সংস্থা৷ পরিদর্শন দলের সঙ্গে ঠিকাদার কোম্পানির বিশেষজ্ঞরাও থাকবেন৷ পুলিশের সাধারণ সদস্যরাই এসব বিছানার চাদর ও বালিশের কাভার ব্যবহার করবেন৷
আরকেসি/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
২০২০ সালের ডিসেম্বরের ছবিঘরটি দেখুুন...
সরকারি কর্মকর্তাদের কিছু আলোচিত বিদেশ সফর
প্রশিক্ষণ কিংবা অভিজ্ঞতা অর্জন, এমন নানা কারণে বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে যাওয়া বা যাওয়ার প্রস্তাব আলোচনায় এসেছে৷
ছবি: bdnews24.com
খিচুড়ি তত্ত্ব
প্রায় এক কোটি ৪০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে দুপুরে বিস্কুট ও খিচুড়ি (মিড ডে মিল) দেয়ার পরিকল্পনা করছে সরকার৷ স্কুলে খাবার ব্যবস্থাপনা শিখতে এক হাজার কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়৷ এ নিয়ে গত সেপ্টেম্বরে ব্যাপক আলোচনা শুরু হলে একনেক প্রস্তাবটি পুনরায় তৈরি করে পাঠাতে বলেছে৷ ফলে পরিকল্পনা অনুযায়ী আগামী মাস থেকে মিড ডে মিল শুরু হচ্ছে না৷ ছবিটি ভারতের৷
ছবি: Getty Images/AFP/N. Nanu
লিফট কিনতে ইউরোপ
২০১৯ সালের অক্টোবর মাসে লিফট কেনার কাজে ময়মনসিংহের জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছয় শিক্ষক ও দুই প্রকৌশলীর সুইজারল্যান্ড ও স্পেন যাওয়ার কথা ছিল৷ কিন্তু বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার কারণে শেষ পর্যন্ত দুজন প্রকৌশলী সফরে যান বলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব সূত্রে জানা গেছে৷
ছবি: Imago/Westend61
ঘাস চাষ শিখতে
গবাদি পশুর জন্য উন্নত পুষ্টিসমৃদ্ধ ঘাস চাষ শিখতে ৩২ সরকারি কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণে পাঠানোর প্রস্তাব করেছে পরিকল্পনা কমিশন৷ এজন্য ব্যয় ধরা হয়েছে ১০১ কোটি ৫৩ লাখ টাকা৷ অর্থাৎ প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে৷ সম্প্রতি প্রস্তাবটি একনেকে পাস হয়েছে৷ তবে কর্মকর্তার সংখ্যা ও বরাদ্দ কমানোর পাশাপাশি ‘সংশ্লিষ্ট প্রয়োজনীয় লোক’ ছাড়া অন্য কাউকে বিদেশে না পাঠাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে৷
ছবি: DW/Mustafiz Mamun
বিজয়ীরা নাসায় যেতে পারেননি, গেছেন কর্মকর্তারা
২০১৯ সালে নাসার ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জে’ বিজয়ী হয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ‘টিম অলিক’৷ কিন্তু ভিসা না পাওয়ায় তারা পুরস্কার আনতে যুক্তরাষ্ট্রে যেতে পারেনি৷ তবে ‘নাসাকে ধন্যবাদ দিতে’ গিয়েছিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব সালমা সিদ্দিকা মাহাতাব, হাইটেক পার্কের উপসচিব মোঃ আবদুল হাই, আইডিয়া প্রোজেক্টের কাজী হোসনা আরা ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা একরামুল হকসহ আটজন৷
ছবি: Getty Images/E. Miller
ক্যামেরা ইন্সপেকশনে জার্মানি সফর
২০১৬ সালে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের দুই কর্মকর্তা জার্মানি সফর করেন৷ তারা ‘প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড কাভারেজের জন্য এক সেট ডিজিটাল ক্যামেরা ও কিছু সরঞ্জামাদি আমদানির লক্ষ্যে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন করার লক্ষ্যে’ এই সফর করেন৷ সফরের জন্য তিনজনকে অনুমোদন দেয়া হয়েছিল৷ ব্যয় আয়োজক সংস্থা বহন করবে বলে জানালেও বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে যুগ্ম-সচিব নূরুল ইসলাম সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন৷
ছবি: DW/F. Görner
দুটি বিমান আনতে ৪৫ জন
গত ডিসেম্বরে বোয়িংয়ের কাছ থেকে কেনা দুটি বিমান আনতে ৪৫ জন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন৷ পাইলট, কেবিন ক্রু ছাড়াও এই দলে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা, আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুজন জনসংযোগ কর্মকর্তা৷
ছবি: picture-alliance/NurPhoto/S. Ramany
পুকুর পুনঃখনন শিখতে
বরেন্দ্র অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কম৷ ঐ অঞ্চলে সেচকাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবহার করা হয়৷ এই প্রবণতা কমাতে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে গুরুত্ব দেয়া হচ্ছে৷ সেটি কীভাবে করা যায় সে ব্যাপারে প্রশিক্ষণসহ পুকুর ও দিঘী পুনঃখনন শিখতে ১৬ সরকারি কর্মকর্তাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা নেদারল্যান্ডসের যে-কোনো এক দেশে পাঠানোর বিষয়টি গতবছর ডিসেম্বরে চূড়ান্ত অনুমোদন পায়৷ এতে খরচ হবে ১ কোটি ২৮ লাখ টাকা৷