1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ায় আবারো মানবাধিকার কর্মী খুন, ধিক্কারের ঢেউ সর্বত্র

১৬ জুলাই ২০০৯

রাশিয়ার বিশিষ্ট মানবাধিকার কর্মী নাতালিয়া এস্তেমিরোভা আততায়ীর গুলিতে নিহত হয়েছেন৷ এর আগে চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে তাকে অপহরণ করা হয়৷ তিনি নিহত সাংবাদিক আনা পলিতকভস্কায়ার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন৷

Russische Menschenrechtsaktivistin Natalya Estemirova
মানবাধিকার কর্মী নাতালিয়া এস্তেমিরোভাছবি: AP

বার্তা সংস্থাগুলোর খবরে জানা গেছে, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়ালের হয়ে চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনিতে কাজ করছিলেন নাতালিয়া এস্তেমিরোভা৷ চেচনিয়া যুদ্ধ চলাকালে রুশ সেনাবাহিনীর নির্মমতার বিভিন্ন প্রমাণ সংগ্রহ করছিলেন তিনি৷ আততায়ীর হাতে নিহত সাংবাদিক আনা পলিতকভস্কায়া যখন চেচিনিয়ায় গিয়ে প্রতিবেদন সংগ্রহ করছিলেন তখন তাঁকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছিলেন এস্তেমিরোভা৷ এছাড়া স্থানীয় গণমাধ্যমগুলোতেও তিনি চেচনিয়ার পরিস্থিতি নিয়ে সংবাদ সরবরাহ করতেন৷ মস্কোয় অবস্থিত মেমোরিয়াল এর প্রধান কার্যালয়ের কর্মকর্তা আলেক্সান্দার চেরকাসভ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সম্প্রতি এস্তেমিরোভার একটি প্রতিবেদন সেখানকার কর্তৃপক্ষের টনক নড়িয়ে দিয়েছে৷ এভাবে একের পর এক সাহসী কর্মকান্ডের মাধ্যমে নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেন এস্তেমিরোভা৷

বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বুধবার সকালে গ্রোজনি থেকে মানবাধিকার কর্মী এস্তেমিরোভাকে অপহরণ করে চার ব্যক্তি৷ এরপর পাশের ইঙ্গুশেতিয়া প্রদেশের নাজরান শহরে তাকে গুলীবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ ইঙ্গুশেতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাদিনা খাদজিয়েভা জানিয়েছেন, তাঁর মাথায় দুইটি আঘাতের চিহ্ন রয়েছে৷ এটা স্পষ্ট যে সকালে তিনি খুন হয়েছেন৷ বার্তা সংস্থাগুলোর খবর, গুলি করে হত্যা করা হয়েছে মানবাধিকার কর্মী নাতালিয়া এস্তেমিরোভাকে৷

২০০৬ সালে নিহত হন আনা পলিতকভস্কায়া (ফাইল ফটো)ছবি: AP

এদিকে রাশিয়াতে একের পর এক সাংবাদিক ও মানবাধিকার কর্মী হত্যার ঘটনায় ধিক্কারের ঝড় উঠেছে গোটা বিশ্বে৷ মাত্র এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়া সফরকালে সাক্ষাৎ করেছিলেন রুশ মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে৷ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস৷ এক বিবৃতিতে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, এই ধরণের জঘন্য ঘটনা রাশিয়া ও আন্তর্জাতিক সুশীল সমাজের জন্য একটি শীতল বার্তা বহন করছে৷ একই সঙ্গে প্রমাণ করছে যে গত কয়েক মাসে ককেসাস অঞ্চলে নিরাপত্তা ও আইন শৃংখলা পরিস্থিতির কতটুকু অবনতি হয়েছে৷

খোদ রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও কঠোর সমালোচনা করেছেন এই ঘটনার৷ এবং অবিলম্বের তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও তার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে৷ তবে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি৷ মানবাধিকার কর্মী হত্যার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের সভাপতি দেশ সুইডেনের পররাষ্ট্র মন্ত্রী কার্ল বিল্ডট এক সংবাদ তীব্র নিন্দা জানিয়েছেন৷

তবে মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাকান্ডের জন্য আঙ্গুল তুলেছে রুশ গোয়েন্দা সংস্থাগুলোর দিকেই৷ তাদের অভিযোগ, বিগত মাসগুলোতে চেচনিয়ায় নিরাপত্তা বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন চালাচ্ছে৷ ওইসব ঘটনা বিশ্বের সামনে তুলে ধরতে যারা চেষ্টা করছেন তাদেরকেই প্রাণ হারাতে হচ্ছে৷ উল্লেখ্য, ২০০৭ সালে সাংবাদিক আনা পলিতকভস্কায়াকেও তাঁর বাসভবনে গুলি করে হত্যা করা হয়৷ এই হত্যাকান্ডের জন্য যাদের গ্রেফতার করা হয়েছিলো পরবর্তীতে তারা খালাস পেয়ে যায়৷ মানবাধিকার সংগঠনগুলো বলছে, আততায়ীরা এভাবে পার পেয়ে যাওয়ায় এই ধরণের ঘটনা বারবার ঘটছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ