রেড্ডি-র মৃত্যুর খবর শুনে মারা গেছেন ৬৭ জন
৪ সেপ্টেম্বর ২০০৯
হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা অন্ধ্রপ্রদেশের মানুষ শোকে মুহ্যমান এতটাই যে, এই পর্যন্ত মারা গেছেন ৬৭ জন শোকসন্তপ্ত মানুষ৷
ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম এই খবর দিয়ে বলছে, অনেকেই ঘটনার আকস্মিকতার ধাক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে মারা গেছেন৷ পুরো ভারতে তো বটেই, পৃথিবীর ইতিহাসেই এই ধরণের ঘটনা বিরল৷
রাজশেখর রেড্ডির ছেলে, তার বাবার গুণগ্রাহীদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন৷
কপ্টার দুর্ঘটনার পর টেলিভিশন চ্যানেলগুলো যখন ড. ওয়াইএস রাজশেখর রেড্ডির মৃত্যুর নিশ্চিত খবর প্রকাশ করছিল, তখনই এ ঘটনা সহ্য করতে না পেরে মারা যান অনেকে৷ আবার কেউবা নিজের জীবনকে উৎসর্গ করেন এই মহান নেতার নামে৷
একজন তরুণ বিষ খেয়ে আত্মহত্যা করার আগে লিখে গেছে,‘‘ ওয়াইএস তার জীবন মানুষের জন্য উৎসর্গ করেছেন, আমি তাঁর জন্য আমার জীবন উৎসর্গ করলাম৷''
শারীরিকভাবে অসুস্থ এক দম্পতি, এই নেতার মৃত্যুর খবর পেয়ে আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ দেন৷ তারা ড. ওয়াইএস এর চালু করা কল্যাণ তহবিলের মাধ্যমে মাসিক পেনশন পেতেন৷ যদিও শেষ পর্যন্ত তাদের উদ্ধার করা হয়৷
অন্ধ্রপ্রদেশের ২৩ জেলার মধ্যে ১৯ জেলায় এ পর্যন্ত এই ধরণের মৃত্যুর ঘটনা ঘটেছে৷ শুধুমাত্র পশ্চিম গোদাবাড়ি জেলাতেই শোকে ৬ জন মারা গেছেন আর আত্মহত্যা করেছেন ৪ জন৷
মুখ্যমন্ত্রী ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি একজন জনদরদি নেতা ছিলেন৷ তিনি খরা আক্রান্ত এই প্রদেশের উন্নয়নে অনেক কাজ করেছেন৷ গেল পাঁচ বছরে এলাকার জনগণের ভাগ্য উন্নয়নে তাঁর চেষ্টায় বিভিন্ন ধরণের কল্যাণ তহবিল চালু হয়৷ এছাড়া কগ্রেস পার্টিকে অন্ধ্রপ্রদেশে পুনরায় প্রতিষ্ঠিত করতে রাজশেখর রেড্ডির অবদান অসামান্য৷
তাঁর ছেলে, ওয়াই এস জগন মোহন রেড্ডি তেলেগু টেলিভিশন চ্যানেলে দেয়া এক বক্তব্যে বলেন, তার বাবা একজন হাসিখুশি মানুষ ছিলেন৷ এখনও তিনি দেখতে চান যে রাজ্যের সব লোক সুখে আছেন৷ তিনি বলেন,‘‘ এই সব আত্মহত্যার ঘটনা বাবাকে আরো কষ্ট দেবে৷'' তিনি সকলকে এই শোকাবহ পরিস্থিতিতে সাহস রাখারঅনুরোধ করেন৷
উল্লেখ্য, বুধবার রাজ্যের গ্রামাঞ্চলে সফরে যাওয়ার সময় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. ওয়াইএস রাজশেখর রেড্ডিকে বহনকারী বেল ৪৩০ হেলিকপ্টার ঘন জঙ্গলে ভেঙে পড়ে৷
দুর্ঘটনার কারণ অবশ্য এখনও জানা যায়নি৷
প্রতিবেদক: ঝুমুর বারী
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক