সব টুইটার মেসেজই নিরাপদ নয়
২২ জুন ২০০৯
স্পেনভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান পান্ডার নিরাপত্তা বিশ্লেষক সান-পল কোরেল জানিয়েছেন, সাইবার অপরাধীরা টুইটারে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে হাজারো বার্তা পাঠাচ্ছে যার সঙ্গে রয়েছে ক্ষতিকর সফটওয়্যার ও মেলওয়্যার এর লিংক৷
মেলওয়্যার হচ্ছে এক ধরণের ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটারের মালিকের অনুমতি ছাড়াই তৃতীয় পক্ষের হাতে অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ তুলে দিতে সক্ষম এবং একইসঙ্গে বিভিন্ন ক্ষতিকারক সফটওয়্যার নিজে থেকেই সেটআপ করতে পারে৷ সাইবার অপরাধীরা সাধারণত এই সব মেলওয়্যার এর মাধ্যমে অন্যের কম্পিউটারের নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করে৷
সাম্প্রতিক সময়ে ইন্টারনেট জগতে মেলওয়্যার এর বিস্তৃতি বাড়ছে ব্যাপক আকারে৷ এন্টি-ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি-র হিসেব অনুযায়ী, আগের বছরের চেয়ে ২০০৮ সালে মেলওয়্যার এর বিস্তার বেড়েছে ৫০০ গুন৷ একইসঙ্গে এফবিআই-র তথ্য অনুযায়ী গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার অপরাধ বেড়েছে বিগত সময়ের চেয়ে ৩৩ শতাংশ৷
অবশ্য মেলওয়্যার আর সাইবার অপরাধ বৃদ্ধির ফলে এক অর্থে লাভবান হচ্ছে এন্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোই৷ এই দেখুন না, এ বছর প্রথম চারমাসেই ম্যাকাফির ব্যবসা বেড়েছে গত বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ৷ যদিও সাইবার অপরাধীদের সঙ্গে লড়তে সক্ষম সুরক্ষা সফটওয়্যার তৈরিতে হিমশিম খাচ্ছে তারা৷
সে যাই হোক, সাম্প্রতিক ইরান ইস্যু কিংবা ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মতো ঘটনাগুলোর সময় টুইটারই কিন্তু এগিয়ে আসছে নানা তথ্য নিয়ে৷ তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও ইন্টারনেট ব্যবহারকারীরা হুমড়ি খেয়ে পড়ছে টুইটারে... জানতে চাচ্ছে অল্প কথায় সর্বশেষ আপডেট৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক