1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমুদ্রের হুমকির মুখে বাংলাদেশের দুই কোটি মানুষ

৮ সেপ্টেম্বর ২০০৯

সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে হুমকির মুখে রয়েছে বাংলাদেশের নিম্নভূমিতে বসবাসরত দুই কোটি মানুষ৷ শুধু তাই নয়, ২০৫০ সালের মধ্যে দেশটির সাত কোটি মানুষ নিয়মিত বন্যার কবলে পড়বেন, অন্যদিকে আশি লাখ মানুষ ভুগবেন খরায়৷

Bildgalerie Zyklon Sidr in Bangladesch Bild 10
ছবি: DW

জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের পরিবেশ বিষয়ক সংস্থা সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিজিস)-এর সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে এসেছে এরকম নানান তথ্য৷

গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ছোট্ট অংশ তলিয়ে যাবে৷ শুধু তাই নয়, আগামী বছরগুলোতে বর্ষা মৌসুমে বড় ধরণের বন্যার কারণে স্থবির হয়ে পড়বে সেখানকার জনজীবন৷ একইসঙ্গে মাটির লবণাক্ততা বৃদ্ধির কারণে বাধাগ্রস্ত হবে চাষাবাদ৷

এধরণের মানুষের সংখ্যা ২ কোটিছবি: DW

বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের প্রসঙ্গে সিজিস এর গবেষক আহমেদুল হাসান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তারা অত্যন্ত গরীব এবং অরক্ষিত৷ বছরে চার মাস তাদের কাজ করার কোন সুযোগ থাকবে না৷

তিনি জানান, সমুদ্রপৃষ্ঠের অসহনীয় বৃদ্ধির ফলে এসব মানুষ কাজের সন্ধানে শহরে চলে আসবে৷

এধরণের মানুষের সংখ্যা ২ কোটি বলে জানান তিনি৷

বাংলাদেশের ১১টি মনিটরিং সেন্টার থেকে গত ৩০ বছরে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, প্রতি বছর পাঁচ মিলিমিটার করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে৷

এদিকে, দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বাংলাদেশের জন্য হল্যান্ডের মতো সমুদ্র প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজন৷

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ছোট্ট অংশ তলিয়ে যাবেছবি: DW

ব্রিটেনের জলবায়ু পরিবর্তন ইস্যুর দায়িত্বে থাকা মন্ত্রী ইডি মিলিব্যান্ড সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য কোন আসন্ন হুমকি নয়, বরং বর্তমান সমস্যা৷

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি সামাল দিতে বাংলাদেশ সরকার সম্প্রতি আন্তর্জাতিক মহলের কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়ার কয়েকদিন পরই এই তথ্য জানালো সিজিস৷ ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বরে কোপেনহেগেন এ উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির মুখে পড়া উন্নয়নশীল দেশগুলোকে বড় অংকের অর্থ সহায়তা দেয়ার ব্যাপারে একমত হবে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ