সীমানা অতিক্রমী বন্ধুতার গল্প
১০ আগস্ট ২০০৯
সেই সাথে অভিবাসী জীবনের নানারকম সমস্যা, দুঃখ কষ্টের কথাও ফুটিয়ে তুলেছেন তিনি৷
১৭ বছরের হাইস্কুলগামী ছাত্রী মিন সেও মায়ের সঙ্গে বাস করে ছোট্ট এক বাসায়৷ মায়ের পুরুষ বন্ধুও থাকে তাদের সঙ্গে৷ তাকে একেবারেই পছন্দ নয় মিন সেওর৷ স্পষ্টবাদী এই তরুণী মুখের ওপরই মায়ের অযোগ্য প্রেমিককে জানিয়ে দেয় তার অপছন্দের কথা৷ কিছুটা পাগলাটে স্বভাবের মিন সেও, কথা বার্তায় রুক্ষ মনে হলেও মনটা কিন্তু তার নরম৷ পরিবারের বোঝা হতে রাজি নয় এই মেয়ে৷ ভাল কোনো চাকরির আশায় ইংরেজি ভাষা কোর্সে ভর্তি হয় সে৷ খরচ জোগাড়ের জন্য পাশাপাশি ছোট খাট কাজও শুরু করে৷ খুব ভালভাবে না হলেও দিন কেটে যাচ্ছিল তার৷ কিন্তু হঠাৎ এক ঘটনায় প্রায় অজানা এক জগৎ-এর সঙ্গে পরিচয় হয় এই তরুণীর৷ একদিন এক ওয়ালেট কুড়িয়ে পায় সে৷ টাকাটা খরচ করার অদম্য ইচ্ছাও হয়৷ কিন্তু তার আগেই ধরা পড়ে যায় ওয়ালেটের মালিক বাংলাদেশী অভিবাসী শ্রমিক করিমের হাতে৷
পুলিশের কথা শুনে ভয় পেয়ে যায় মিন সেও৷ পরে এক শর্তে রফা হয়৷ করিমের আগের কর্মক্ষেত্রের মালিক তাকে এক বছরের বেতন না দিয়েই উধাও হয়েছে৷ বৈধ কাগজপত্র না থাকায় করিমকে এক মাসের মধ্যে কোরিয়া ছাড়তে হবে, তাই এই টাকাটা তার পাওয়া চাইই৷ মিন সেওর দায়িত্ব হল সেই মালিককে খুঁজে বের করা৷ উপায়ান্তর না দেখে রাজি হয়ে যায় সে৷
এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে দুই তরুণ তরুণীর মধ্যে পরিচয় হলেও বন্ধুত্ব হতে দেরি হয় না তাদের মধ্যে৷ যদিও দুই ভিন্ন সংস্কৃতির মানুষ তারা৷ স্বভাবের দিক দিয়েও তেমন কোনো মিল নেই৷ সদ্য কৈশোরোত্তীর্ণ মিন সেও পারিবারিক অশান্তি সত্ত্বেও ভবিষ্যতের স্বপ্ন দেখে৷ আর ২৮ বছর বয়সী করিম ভাগ্যের সন্ধানে দেশ ছেড়েছে৷ বেছে নিয়েছে শ্রমিকের জীবন৷ যে জীবনে স্বপ্ন দেখার কোনো অবকাশও যেন নেই৷ তাই মেয়েটির ছেলেমানুষের মত প্রশ্ন শুনে মাঝে মাঝে ক্ষুব্ধ হয়ে ওঠে সে৷ দেখিয়ে দেয় কোরিয়ার সমাজের দোষ ত্রুটি৷
ছবিতে বর্ণবৈষম্য, শ্রেণীবৈষম্য, অভিবাসী শ্রমিকের সমস্যার মত অস্বস্তিকর বিষয়গুলো তুলে ধরা হলেও তাতে রয়েছে খানিকটা হালকা রসের ছোঁয়া৷
মিন সেওর ভূমিকায় কোরিয়ার উঠতি টিনএজ তারকা ব্যাক জিন হি এবং করিমের ভূমিকায় মাহবুব আলম পল্লবের অভিনয় দর্শকদের ভাল লাগবে৷ মাহবুব কোরিয়ান ভাষা জানেন, তাই চরিত্রের প্রয়োজনে কোরিয়ান ভাষায় সংলাপ বলতে অসুবিধা হয়নি তাঁর৷
৯০-এর দশকের গোড়া থেকে কোরিয়ায় অর্থনীতি চাঙ্গা হওয়ার সাথে সাথে বিদেশী শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে৷ আজ এই সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে গেছে৷ কেউ কেউ সাফল্য ও অর্থের মুখ দেখলেও অনেককেই কঠোর সংগ্রামের সম্মুখীন হতে হয়৷ তাদেরই একজন করিমের চরিত্রে রূপদানকারী বাংলাদেশী যুবক মাহবুব আলম৷ কিছুদিন আগেও যিনি ছিলেন নাম না জানা বিদেশী শ্রমিকদেরই একজন৷ আজ তাঁর সাচ্ছল্য ও সম্মান দুটোই আছে৷ কিন্তু অহমিকা তাঁকে স্পর্শ করতে পারেনি৷ অভিবাসী জীবনের দুঃখ, কষ্ট, বঞ্চনার স্মৃতি ভুলতে পারেননি মাহবুব৷ এই অবহেলিত মানুষগুলোর জন্য কিছু একটা করার তাড়না অনুভব করেন তিনি সব সময়৷ তাই তিনি সম্পৃক্ত হয়েছেন বিভিন্ন সংগঠনের সঙ্গে, যারা বিদেশী শ্রমিকদের অধিকার রক্ষায় সচেষ্ট৷ যুক্ত হয়েছেন চলচ্চিত্র জগৎ-এর সঙ্গে৷ অভিনয় ও পরিচালনা দুটোই করছেন এই তরুণ৷ তুলে ধরছেন অভিবাসী জীবনের দুঃখ কষ্টের কথা৷ আয়োজন করছেন অভিবাসী শ্রমিকদের চলচ্চিত্র উৎসবের৷
মাহবুব মনে করেন, অভিবাসীরা কোরিয়ান সংস্কৃতিকে তেমন আপন করে নিতে পারেননি৷ কোরিয়ান ভাষা শেখার ব্যাপারেও খুব একটা আগ্রহ নেই তাদের৷ অন্যদিকে কোরিয়ান জনসাধারণ সন্দেহ , অবজ্ঞা ও করুণার চোখে দেখেন বিদেশীদের৷ আর এসব দূর করতে হলে দুই জনগোষ্ঠীরই পরস্পরের কাছে এগিয়ে আসতে হবে৷ বাড়িয়ে দিতে হবে সৌহার্দ্যের হাত৷
প্রতিবেদক: রায়হানা বেগম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক