1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোয়াইন ফ্লু বিস্তারের আশঙ্কা শেষ হয়ে যায়নি

২১ আগস্ট ২০০৯

সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক কিছুটা কমলেও এ রোগ বিস্তারের আশঙ্কা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি৷ তবে আশার কথা, বিশ্বের নানা প্রান্তে চলছে ভাইরাসবাহিত এ রোগ প্রতিরোধের চেষ্টা৷

Indien Schweinegrippe
ছবি: AP

সোয়াইন ফ্লু৷ এখন এ নাম শুনে অনেকেই হয়তো আর আগের মতো আঁতকে ওঠেননা৷ না ওঠার কারণও আছে৷প্রচারমাধ্যমে তো আর সেভাবে সোয়াইন ফ্লু'র খবর নেই! তাই বলে একেবারে নিশ্চিন্ত থাকারইবা উপায় কোথায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউএইচও'র সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, গত এপ্রিল থেকে সারা বিশ্বে শুধু এই রোগে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ১৬৬জন মানুষ, মারা গেছেন মোট ১৭৯৯ জন৷ এ শুধু নানা দেশের সরকারের দেয়া হিসেবের যোগফল৷ প্রকৃত হিসেব যে আরো ভয়াবহ সেটাতো বোঝাই যাচ্ছে৷ বলা হচ্ছে, ব্যাপক টিকাদান কর্মসূচি হাতে নিলে সোয়াইন ফ্লু'র মহামারি হয়ে ওঠার আশঙ্কাকে দূরে ঠেলা যাবে৷ রোগ প্রতিরোধের জন্য যুৎসই টিকা আবিষ্কারের চেষ্টা চলছে, কয়েকটি দেশ বলার মতো সাফল্যও পেয়েছে৷ এ পর্যন্ত সোয়াইন ফ্লু তে সবচেয়ে বেশি, ১৫৭৯জন মারা গেছেন যে দেশে, সেই যুক্তরাষ্ট্র টিকা আবিষ্কার করেও শান্তিতে নেই৷ বিপদ এড়াতে ১৫ই অক্টোবরের মধ্যে ১২ কোটি টিকা সরবরাহ করার কথা৷ অথচ সরকার ক'দিন আগে স্বীকার করেছে, সরবরাহের গতি মন্থর হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে এখন তারা অনেকটাই পিছিয়ে৷ ঘাটতি দূর করতে অবশ্য সিরিঞ্জে মহার্ঘ্য তরল বস্তুটি দ্রুত ভরতে পারে এমন কিছু কারখানায় হানা দেয়া শুরু হয়ে গেছে৷ প্রত্যাশা মতো ফল পেলে অক্টোবর নাগাদ ৮৫ লক্ষ টিকা যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে পৌঁছে দেয়া যাবে বলে আশা করা হচ্ছে৷ ওদিকে চীন ঘাটতি মেটাতে উদ্ভাবন করে বসেছে দারুণ এক টিকা৷ এতদিন বলা হতো, সোয়াইন ফ্লুকে দূরে রাখতে দু ডোজ টিকা অন্তত নিতে হবেই৷ চীন বলছে, না, এক ডোজই যথেষ্ট৷ স্যানোফি-অ্যাভেন্টিস, গ্ল্যাক্সো-স্মিথ-ক্লাইন, ব্যাক্সটার, সিএসএল এবং সোলভে --- প্রথম সারির এই ফ্লু ভ্যাকসিন প্রস্তুতকারকদের টপকে চীনের সিনোভাক যে নিয়ে এসেছে সেরকমই এক টিকা৷ সিনোভাকের এক ডোজেই নাকি সোয়াইন ফ্লু পালাই পালাই করে! এদিকে জার্মানিও সোয়াইন ফ্লু থেকে বাঁচতে নেমে পড়েছে কাজে৷ এই শরতে সাড়ে তিন কোটি জার্মানকে দেয়া হবে টিকা৷ এ কর্মসূচিতে বৃটেনও সম্ভবত অবদান রাখবে৷ সেপ্টেম্বরে সেখানকার গ্ল্যাক্সো-স্মিথ-ক্লাইন তাদের উদ্ভাবিত টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে জার্মানিতে৷

ছবি: AP

প্রতিবেদক: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ