স্ক্রিনসেভার বন্ধ করে বাঁচাতে পারেন বিদ্যুৎ
৭ সেপ্টেম্বর ২০০৯
প্রায়শই কম্পিউটারে নানান রংয়ের স্ক্রিনসেভার যোগ করি আমরা৷ ফলে খানিকটা বিরতিতে কম্পিউটার হয়ে ওঠে জীবন্ত একুয়ারিয়াম কিংবা এফ ওয়ান ট্র্যাক৷ দেখতেও মন্দ লাগে না তা৷ কিন্তু আপনার এই অভ্যাস কম্পিউটারে বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়িয়ে দিতে পারে ৫০ শতাংশ৷ জার্মানির প্রযুক্তি সংস্থাগুলোর সংগঠন বিটকম জানিয়েছে এই তথ্য৷
বিটকম-এর মতে, রংচংয়া স্ক্রিনসেভার চালু হলে তা কম্পিউটারের বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়িয়ে দেয়৷ এই অযথা বিদ্যুৎ খরচ রোধ করতে উইন্ডোজের কন্ট্রোল প্যানেলের ডিসপ্লে অপশনে গিয়ে স্ক্রিনসেভার বন্ধ করে দেয়ার পরামর্শও দিয়েছে সংগঠনটি৷
শুধু তাই নয়, বিদ্যুৎ বাঁচাতে কিছু অপশন ব্যবহারের পরামর্শ দিয়েছে বিটকম৷ বিশেষত, উইন্ডোজের পাওয়ার অপশনে গিয়ে কিছু সেটিংস-এ পরিবর্তন এনে একটি নির্দিষ্ট সময় পর কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ডবাই বা স্লিপ অপশনে নিয়ে যাওয়া যায়৷ এর ফলে কম্পিউটার চালু অথচ অব্যবহৃত অবস্থায় থাকলে একটি নির্দিষ্ট সময় পর তা নিজে থেকেই কমিয়ে আনবে বিদ্যুৎ খরচের পরিমাণ৷
আর তাই, চলুননা নিজেকে পরিবর্তন করি কিছুটা, আর বিদ্যুৎও বাঁচিয়ে দেই খানিকটা৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক