1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতে গলবে না যে চকলেট

১৫ আগস্ট ২০০৯

চকলেটের জায়গা এখন শুধু ফ্রিজে নয়৷ চকলেটপ্রেমীরা আর কিছু দিনের মধ্যেই ব্যাগে করে যে কোন জায়গায় নিয়ে যেতে পারেন এই পছন্দের জিনিসটি৷ রাখতে পারবেন অনেকক্ষণ৷ কারণ গরমে এই নতুন জাতের চকলেট আর গলে যাবেনা৷

Süßwarenmesse in Köln belgische Pralinen
ফাইল ফটোছবি: AP

কাঠফাটা রোদ, তাপমাত্রা হোকনা ৫৫ডিগ্রি সেলসিয়াস বা ১৩১ডিগ্রি ফারেনহাইট, তা সহ্য করা এই চকলেটের জন্য কোন ব্যাপারই না৷ বাজারে আসছে এমনই এক চকলেট, যার নাম - ভলকানো৷ এই চকলেট বাজারে ছাড়বে সুইস কোম্পানি ‘ব্যারী ক্যালেবাউট'৷ চকলেটের স্বাদ এবং মান অক্ষুন্ন রেখেই ভলকানো তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ ইনোভেশন অফিসার হানস ফ্রিন্স৷

তিনি বলছেন, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে চকলেট সংরক্ষণ করার উপযোগী ঠান্ডা জায়গা পাওয়া যায়না যায়না৷ তাপমাত্রা এতোটা বেশি যে চকলেটগুলো খুব বেশিক্ষণ তার আসল চেহারা ধরে রাখতে পারে না৷ গলে যায় খুব দ্রুত৷ উদাহরণ হিসাবে তিনি চীন, ভারত, দক্ষিণ ইউরোপ ও ল্যাটিন অ্যামেরিকার দেশগুলোর কথা উল্লেখ করেছেন৷ অধিক তাপমাত্রা সহ্য করতে সক্ষম এই ভলকানো চকলেট এইসব দেশেই রপ্তানি করা হবে বলে জানান হানস৷

ছবি: AP

হানস ফ্রিন্স আরো বলছেন, ভলকানোতে ক্যালোরির পরিমাণ খুবই কম রাখা হবে৷ তবে এর জন্য চকলেটের স্বাদের কোন হেরফের হবে না৷ আর এই চকলেটে যেনো অপেক্ষাকৃত স্বাস্থ্যকর হয় সে দিকেও নজর রাখবে কোম্পানি৷ কোকো বিন-এর ভিতর থাকা ৭০০ প্রাকৃতিক উপাদানের ২৩০টিই ভলকানো চকলেটে থাকবে বলে উল্লেখ করেন তিনি৷

তাপমাত্রা সহ্য করতে পারা এই ধরণের চকলেট নতুন কিছু নয়৷ আগে এই চকলেট যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের সামরিক বাহিনীর জন্য তৈরি করা হলেও তা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়নি৷ হানস ফ্রিন্স বলছেন, সামরিক বাহিনীর জন্য তৈরি করা চকলেট থেকে ভলকানো স্বাদে এবং মানে আলাদা হবে৷

বিশ্বের শীর্ষস্থানীয় চকলেট রপ্তানিকারী দেশ সুইজারল্যান্ড ২০০৮ সালে ৮৬৯ মিলিয়ন ডলার মূল্যের প্রায় সাড়ে ১১ লাখ টন চকলেট রপ্তানি করে৷ আর নিজের দেশে বিক্রি হয় ৭৩,৪৭৫ টন চকলেট৷ সুইস চকলেট সবচেয়ে বেশি রপ্তানি হয় জার্মানি, ফ্রান্স, ব্রিটেন আর ক্যানাডায়৷

তবে বিশ্বে চকলেটের সবচেয়ে বড় বাজার দখল করে থাকা সুইস কোম্পানি নেসলে এই দৌড়ে পিছিয়ে থাকতে চায় না৷ এক্ষেত্রে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে৷ নেসলের চকলেট, বিস্কিট এবং কনফেকশনারি বিভাগের গবেষণা এবং উন্নয়ন ব্যবস্থাপক সাইমন রবার্টসন বলছেন, চকলেটের স্বাদ এবং মান দুটোর দিকেই নজর দিয়ে নতুন ধরণের চকলেট বাজারে আনা হবে ৷

সুইজারল্যান্ডের অন্যান্য চকলেট প্রস্তুতকারী কোম্পানিগুলো নতুন চকলেট বাজারে আসা পর্যন্ত অপেক্ষা করতে চায়৷ আসলেই কি উপাদানে তৈরি করা হবে এই বিশেষ তাপপ্রতিরোধক চকলেট, সেটা জানার পরই তারা বক্তব্য রাখবে, জানিয়েছে সুইজারল্যান্ডের অনেক পুরোন চকলেট ব্যবসায়ী৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ