1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

২৯ জন মাদকপাচারকারীকে অ্যামেরিকার হাতে তুলে দিচ্ছে মেক্সিকো

২৮ ফেব্রুয়ারি ২০২৫

একসঙ্গে এতজনকে অ্যামেরিকার হাতে তুলে দেওয়া ঐতিহাসিক ঘটনা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এর ফলে ট্রাম্প প্রশাসন কিছুটা নরম হবে বলে মনে করা হচ্ছে।

মাদকপাচারীদের অ্যামেরিকার হাতে তুলে দিচ্ছে মেক্সিকো
মেক্সিকো পুলিশের জালে মাদকপাচারকারীছবি: Enrique Perez Huerta/Demotix/picture alliance

মেক্সিকো ঘোষণা করেছে, ২৯ জন গুরুত্বপূর্ণ মাদকপাচারকারীকে অ্যামেরিকার হাতে তুলে দেওয়া হবে। এরা সকলেই মেক্সিকোর জেলে বন্দি এবং সেখানেই তাদের বিচার চলছে। দীর্ঘদিন ধরে অ্যামেরিকা এই মাদকপাচারকারীদের নিজেদের হেফাজতে নিতে চেয়েছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে জানিয়েছে, অ্যামেরিকার বিচার বিভাগ এই মাদকপাচারকারীদের নিজেদের হেফাজতে চেয়েছিল। সে কারণেই তাদের অ্যামেরিকার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন এই সিদ্ধান্ত

ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরেই ফের মেক্সিকো নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মেক্সিকোর বেআইনি অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছিল। একইসঙ্গে ডনাল্ড ট্রাম্পের সরকার ঘোষণা করেছিল যে, আগামী ৪ মার্চ থেকে সমস্ত মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। মেক্সিকোর এই পদক্ষেপের পর ট্রাম্প প্রশাসন এই শুল্কের বিষয়টি পুনর্বিবেচনা করবে বলেই মনে করা হচ্ছে। বস্তুত, শুক্রবারই মেক্সিকোর গুরুত্বপূর্ণ প্রশাসনিক অফিসারেরা অ্যামেরিকায় যাচ্ছেন। সেখানে এবিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও অ্যামেরিকার তরফে এখনো এবিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।

কাদের হস্তান্তর করা হচ্ছে

মেক্সিকোরসংবাদমাধ্যম জানিয়েছে, ২৯ জন মাদকপাচারকারীর নাম উল্লেখ করা হয়নি। তবে মনে করা হচ্ছে বেশ কয়েকজন হেভিওয়েট পাচারকারীকে অ্যামেরিকার হাতে তুলে দেওয়া হবে। এর মধ্যে ৭২ বছরের রাফায়েল কারো কুইতেরো থাকতে পারে। অ্যামেরিকার ডিইএ এজেন্ট এনরিকে কিকি কামারেনাকে হত্যার সঙ্গে যুক্ত এই কুইতেরো। এনরিকে আন্ডারকভার এজেন্ট হিসেবে কুইতেরোর গতিবিধির উপর নজর রেখেছিলেন।

ওমার এবং মিগুয়েল অ্যাঞ্জেল ত্রেভিনো মোরালেসকেও অ্যামেরিকার হাতে তুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এই দুই মাদকপাচারকারীও গুরুত্বপূর্ণ নাম বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

এমি সাসিপর্নকার্ন/এসজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ