২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে?
১৯ নভেম্বর ২০২৬
গত কয়েক দিন ধরে গোপালগঞ্জসহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে৷ বিশেষ করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে৷ সেখানে একাধিক থানায় আগুন দেওয়া হয়েছে, যা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে৷ প্রশ্ন উঠেছে, এসব ঘটনায় সরকার কি শিথিলতা দেখাচ্ছে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে?
এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা নির্লিপ্ত—এ কথা ঠিক না৷ আমরা ঠিকই পদক্ষেপ নিচ্ছি, কিন্তু আমরা তো আওয়ামী লীগ সরকার না৷ আমরা আওয়ামী লীগের মতো রক্তের হোলি খেলি না৷ জনগণের জানমালের নিরাপত্তা এবং আন্দোলনকারীদের বিষয়টি মাথায় রেখে আমরা সহিষ্ণুতার সাথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি৷ সাঈদী সাহেবের রায়ের পর আওয়ামী লীগ নির্বিচারে কত মানুষ মেরেছে? এটি একটি সন্ত্রাসী সংগঠন এবং পুরো বাংলাদেশ দেখছে তারা কী করছে৷ আমরাও দেখছি এবং সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ৷''
আগুন ও বিস্ফোরণে বাড়ছে উদ্বেগ
রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা, সড়ক অবরোধ আর ফাঁকা গুলি—রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত ধারাবাহিক নাশকতায় জনমনে উদ্বেগ বাড়ছে৷ মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ২১টি জেলায় এ ধরনের ঘটনা ঘটেছে৷ এতে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে৷
গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করছিল বিএনপি৷ সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহত হন৷ তারা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা৷ এছাড়া পিরোজপুর ও ফরিদপুরে বাসে দেওয়া আগুনে দগ্ধ হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পিরোজপুরের নিহত ব্যক্তি বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে৷
চলমান হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে৷ যথেষ্ট হয়েছে, আর নয়৷''
গোটা জাতির অস্তিত্বের লড়াই: এস এম কামাল হোসেন
সরকারের কঠোর পদক্ষেপের ঝুঁকি থাকা সত্ত্বেও গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে আওয়ামী লীগ এক ধরনের ‘অল-আউট' কর্মসূচি পালন করছে৷ এর নেপথ্যে শক্তির উৎস কী? জানতে চাইলে কার্যক্রম নিষিদ্ধ দলটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বিদেশ থেকে টেলিফোনে ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের শক্তি বাংলাদেশের জনগণ৷ বঙ্গবন্ধু তনয়াও মনে করেন, জনগণই তার শক্তি৷ জনগণের ওপর ভর করেই তিনি দেশে ফিরতে চান৷ আমাদের তৃণমূলের কর্মী এবং যারা একাত্তরকে ধারণ করেন, তারা বঙ্গবন্ধু তনয়ার দেশে ফেরার পথ মসৃণ করতে ঐক্যবদ্ধ হয়েছেন৷ গোপালগঞ্জের চিত্র হয়তো আলাদা, সেখানে সবাই মাঠে নেমেছেন৷ তবে সারা বাংলাদেশে এমন কোনো উপজেলা নেই, যেখানে নির্যাতনের মধ্যেও অন্তত ১০০ কর্মী রাস্তায় নামেননি৷ টুঙ্গিপাড়া থেকে পদ্মা সেতু পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নারী-পুরুষ রাস্তায় নেমেছেন৷ এটি শুধু আমাদের নয়, গোটা জাতির অস্তিত্বের লড়াই৷''
এই আন্দোলনের পেছনে কোনো বিদেশি শক্তির মদদ আছে কি না—এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘‘আমরা জনগণের ওপর ভর করে প্রতিটি আন্দোলন করছি৷ অন্য কোনো দেশ নয়, জনগণই আমাদের শক্তি৷''
পুলিশ কি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে?
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা ডয়চে ভেলেকে বলেন, ‘‘৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশি কার্যক্রমে বিঘ্ন ঘটায় আইনশৃঙ্খলা রক্ষায় একটি বড় ধরনের প্রাতিষ্ঠানিক সংকট তৈরি হয়েছিল৷ সেখান থেকে পুলিশকে পুনর্গঠন করে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে হয়েছে৷ সেই সংকটের প্রভাব ও চ্যালেঞ্জ আমরা এখনো মোকাবিলা করছি৷ সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড পরিস্থিতিকে কিছুটা জটিল করে তুললেও আমরা তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছি৷ গোয়েন্দা নজরদারি, টহল বৃদ্ধি এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ অব্যাহত আছে৷''
সহিংসতা ২১ জেলায়, মাঠে ৯৬ প্লাটুন বিজিবি
বৃহস্পতিবার পর্যন্ত গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ ২১টি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে৷ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে৷
এদিকে, গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরের মহাসড়কসংলগ্ন এলাকাগুলোতে সরকারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার৷ দলের নির্বাহী পরিষদের মূল্যায়ন তুলে ধরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘এসব এলাকায় রাষ্ট্রের কোনো অভিভাবক বা সরকারের উপস্থিতি আছে বলে মনে হচ্ছে না৷''
অধ্যাপক ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় আগুন
গত ১০ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৪০টি জেলায় নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ এর মধ্যে ৩৩টি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় এবং ২৩টি শাখায় পেট্রোলবোমা বা ককটেল নিক্ষেপ করা হয়৷ সর্বোচ্চ আটটি হামলার ঘটনা ঘটেছে গোপালগঞ্জে এবং দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি গাজীপুরে৷ বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক ‘নোটে' এই তথ্য উঠে এসেছে৷
ব্যাংক কর্তৃপক্ষের তথ্যমতে, যেসব দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ছিল, সেসব দিনেই এসব হামলা হয়েছে৷ ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটের পর আওয়ামী লীগও নানা কর্মসূচি ঘোষণা করে৷ আজ দলটির ‘সকাল-সন্ধ্যা লকডাউন' কর্মসূচি চলছে৷
অন্যদিকে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়৷ পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়৷ আশপাশে পুলিশের নিয়মিত টহল থাকায় সদস্যরা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন৷ ঘটনাটি তদন্ত করা হচ্ছে৷
রাজনীতিবিদদের পাল্টাপাল্টি বক্তব্য
চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স ডয়চে ভেলেকে বলেন, ‘‘সাম্প্রতিক কার্যক্রম দেখে মনে হচ্ছে না দেশে কোনো সরকার আছে৷ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, অথচ তা কমাতে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই৷ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের এবং সেটি তাদের করতেই হবে৷''
তবে ভিন্নমত পোষণ করে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুধু গোপালগঞ্জের পরিস্থিতি দেখে পুরো দেশের আইনশৃঙ্খলা মূল্যায়ন করা ঠিক হবে না৷ সরকার অবশ্যই কঠোর পদক্ষেপ নেবে৷ পাশাপাশি আমরা দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছি, যাতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে পারে৷ আমরা রাজনৈতিকভাবেই এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তুলব৷''